পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরের (Purba Midnapore) কাঁথির মেয়ে অঙ্কিতা প্রধান এখন সারা বাংলার গর্ব। সনি টিভির জনপ্রিয় সঙ্গীত প্রতিভা অনুসন্ধান অনুষ্ঠান ইন্ডিয়ান আইডল-এ (Indian Idol) পশ্চিমবঙ্গের (West Bengal) একমাত্র প্রতিযোগী হিসেবে শক্তিশালী পরিবেশনায় ইতিমধ্যেই শীর্ষ ১০-এ জায়গা করে নিয়েছেন তিনি।
এতদিন পর্যন্ত মুম্বইয়ে চলছিল শুটিং। তবে ‘টপ ১০’ পর্বের শুটিং হওয়ার কথা দুবাইয়ে। আর সেখানেই তৈরি হয় জটিলতা। অঙ্কিতা নাবালিকা হওয়ায় একা বিদেশ যেতে পারবে না—তাই মায়ের সঙ্গে পাসপোর্টের জন্য আবেদন করে সে।
আরও পড়ুন: আজ মহাশিবরাত্রি, সোমবারও কী ছুটি থাকছে সরকারি স্কুলে?
অঙ্কিতা ও তাঁর মা একসঙ্গে আবেদন করলেও নির্ধারিত সময়ে শুধু অঙ্কিতার পাসপোর্টই পৌঁছয়। মায়ের পাসপোর্ট না আসায় বিপাকে পড়ে পরিবার। চ্যানেলের তরফে তিন দিনের মধ্যে দু’জনের পাসপোর্টের স্ট্যাটাস জমা দিতে বলা হয়। ফলে প্রতিযোগিতা থেকে অঙ্কিতার বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়।
এই পরিস্থিতিতে পরিবার সাহায্যের জন্য যোগাযোগ করে শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে। বিষয়টি জানার পর তিনি হস্তক্ষেপ করেন বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। তার পরেই দ্রুত প্রক্রিয়া সম্পন্ন হয়ে গতকাল অঙ্কিতার মায়ের পাসপোর্টও পৌঁছে যায়।
এখন মা-মেয়ে দু’জনেই দুবাইয়ে শুটিংয়ে অংশ নিতে প্রস্তুত। অঙ্কিতার স্বপ্নযাত্রায় আপাতত কাটল বড় বাধা। বাংলার দর্শকরাও এখন অপেক্ষায়—দুবাই মঞ্চে কেমন পারফরম্যান্স উপহার দেন বঙ্গকন্যা।







