ওয়েব ডেস্ক: মঙ্গলবারই রাজ্যের ২৯১ বিধানসভা আসনের জন্য প্রার্থীদের (TMC Candidate List 2026) নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। আসন্ন বিধানসভা নির্বাচনে পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলার জামালপুর বিধানসভা কেন্দ্রে (Jamalpur Assembly) প্রার্থী হিসেবে এলাকার ‘ভূমিপুত্র’ হিসেবে পরিচিত ভূতনাথ মালিকের (Bhutnath Malik) নাম সামনে আসতেই এলাকায় খুশির হাওয়া বইতে শুরু করেছে। প্রিয় দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও উচ্ছ্বাস চোখে পড়ার মতো।
পেশায় ইংরেজির শিক্ষক ভূতনাথ মালিক, এলাকায় ‘মাস্টারমশাই’ নামেই অধিক পরিচিত। শ্রেণিকক্ষে জটিল গ্রামার সহজভাবে বোঝানোর মতোই রাজনৈতিক ময়দানেও তিনি পরিমিতিবোধ ও অভিজ্ঞতায় ভর করে নিজের জায়গা তৈরি করেছেন। দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে তিনি পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে সহ-সভাপতির দায়িত্ব সামলেছেন। পাশাপাশি পূর্ত দফতরের কর্মাধ্যক্ষ হিসেবে এলাকার পরিকাঠামো উন্নয়নেও তাঁর ভূমিকা উল্লেখযোগ্য।
আরও পড়ুন: টিকিট পেলেন শ্রেয়া-কুণালরা! তৃণমূলের প্রার্থী তালিকায় এবার নতুন মুখ কারা? দেখে নিন একনজরে
স্থানীয়দের কাছে তিনি শুধুমাত্র একজন রাজনীতিক নন, বরং এক নির্ভরযোগ্য অভিভাবক হিসেবেই পরিচিত। প্রার্থী ঘোষণার পর ভূতনাথ মালিক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁর মূল লক্ষ্য স্বাস্থ্য, শিক্ষা এবং কৃষিক্ষেত্রের সামগ্রিক উন্নয়ন। তিনি বলেন, “আমরা কোনওভাবেই বলপ্রয়োগ বা বাহুবলী রাজনীতিতে বিশ্বাস করি না। মানুষের কাছে কেন্দ্রীয় বঞ্চনার জবাব চাইব আমরা। উন্নয়ন বনাম বঞ্চনার লড়াইয়ে সাধারণ মানুষই শেষ কথা বলবে।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রশাসনিক অভিজ্ঞতা, সংগঠনের সঙ্গে দীর্ঘ সম্পর্ক এবং পরিষ্কার ভাবমূর্তি—এই তিনটি বিষয়ই ভূতনাথ মালিককে এগিয়ে রাখছে। মমতা বন্দ্যোপাধ্যায়-এর নেতৃত্বে উন্নয়নের বার্তা সামনে রেখে তৃণমূল যে লড়াইয়ে নামছে, সেখানে ‘মাস্টারমশাই’-এর উপরই বড় ভরসা দলের। এখন দেখার, যিনি এতদিন ছাত্রদের গ্রামারের জট খুলেছেন, তিনি রাজনীতির জটিল অঙ্কে কতটা নিখুঁত সমাধান দিতে পারেন। জামালপুরের ভোটবাক্সেই মিলবে সেই উত্তর।
দেখুন আরও খবর:







