ওয়েব ডেস্ক: বিজেপি (BJP) সরকারের আমলে এই প্রথম মহাসাড়ম্বরে পালিত হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস (Paschim Banga Dibas)। সেই বিশেষ দিনে রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। নিজের এক্স হ্যান্ডেলে বাংলায় বার্তা দিয়ে তিনি পশ্চিমবঙ্গের ঐতিহ্য, সংস্কৃতি ও জাতীয় জীবনে অবদানের কথা তুলে ধরেন। বাংলা হরফের এই পোস্টে শাহ লেখেন, “পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে সকল রাজ্যবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সমৃদ্ধ সংস্কৃতি, আধ্যাত্মিকতা, জ্ঞান ও বিজ্ঞানের পীঠস্থান এই বাংলা ভক্তি আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম এবং নবজাগরণ থেকে শুরু করে দেশ গঠনের প্রতিটি পর্যায়ে অসামান্য অবদান রেখেছে।”
সেই পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, স্বামী বিবেকানন্দ, বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, সুভাষ চন্দ্র বসু এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো মহামানবদের ভূমি বাংলা আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিএ নেতৃত্বে তার “গৌরবময় ঐতিহ্য ও বৈভব পুনরুদ্ধারের পথে এগিয়ে চলেছে”। পাশাপাশি মা দুর্গার কাছে রাজ্যের মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে সকল রাজ্যবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
সমৃদ্ধ সংস্কৃতি, আধ্যাত্মিকতা, জ্ঞান ও বিজ্ঞানের পীঠস্থান এই বাংলা ভক্তি আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম এবং নবজাগরণ থেকে শুরু করে দেশ গঠনের প্রতিটি পর্যায়ে অসামান্য অবদান রেখেছে। স্বামী বিবেকানন্দ,… pic.twitter.com/m7urNpjIOs
— Amit Shah (@AmitShah) June 20, 2026
আরও পড়ুন: শ্যামাপ্রসাদকে স্মরণ করে রাজ্যেবাসীকে পশ্চিমবঙ্গ দিবসে শুভেচ্ছা জানিয়ে মোদির পোস্ট
উল্লেখ্য, পশ্চিমবঙ্গ দিবস নিয়ে রাজনৈতিক বিতর্ক নতুন নয়। ২০১৪ সালে ‘পশ্চিমবঙ্গের জন্য’ নামে একটি চিন্তাগোষ্ঠী প্রথম ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করে। পরবর্তীকালে বিজেপির উদ্বাস্তু সেল নিয়মিতভাবে দিনটি পালন করতে শুরু করে। ২০২১ সাল থেকে তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বিধায়কদের নিয়ে কলকাতার ময়দানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির পাদদেশে পশ্চিমবঙ্গ দিবস পালন করতেন।
অন্যদিকে, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পয়লা বৈশাখকে ‘রাজ্য দিবস’ হিসেবে ঘোষণা করার পক্ষে মত দেন। ২০ জুনকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার বিরোধিতা করেছিল রাজ্যের বামপন্থী মহলের একাংশও। তবে রাজনৈতিক পালাবদলের পর এবারই প্রথম সরকারিভাবে এবং বৃহৎ পরিসরে পশ্চিমবঙ্গ দিবস উদ্যাপিত হচ্ছে রাজ্য জুড়ে।
দেখুন আরও খবর:







