ওয়েব ডেস্ক : আসন্ন রাজ্যসভা (Rajyasabha) উপনির্বাচনের (By election 2026) জন্য পশ্চিমবঙ্গের তিন প্রার্থীর নাম ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি (BJP)। সদ্য তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইককে প্রার্থী করেছে গেরুয়া শিবির। বুধবার দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটি তাঁদের নাম অনুমোদন করেছে।
বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর গত মাসে রাজ্যসভার সদস্যপদ এবং তৃণমূল কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দেন এই তিন নেতা। তাঁদের পদত্যাগের ফলে রাজ্যসভার তিনটি আসন শূন্য হয়ে যায়। সেই শূন্য আসনগুলিতেই উপনির্বাচনের জন্য তাঁদের প্রার্থী করেছে বিজেপি।
আরও খবর : চরম ভর্ৎসনা অভিষেককে, ভয়েস টেস্ট দিতে নির্দেশ কলকাতা হাইকোর্টের
বৃহস্পতিবার বিকেলে বিজেপির রাজ্য দফতরে আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে যোগ দেন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য তাঁদের উত্তরীয় পরিয়ে দলে স্বাগত জানান।
যোগদান অনুষ্ঠানে শমীক ভট্টাচার্য বলেন, পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষ গণতান্ত্রিক ব্যবস্থার উপর আস্থা রেখেছেন। তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশের উন্নয়নের কাজে অংশ নিতেই এই তিন প্রাক্তন সাংসদ বিজেপিতে যোগ দিয়েছেন। তাঁদের অভিজ্ঞতা আগামী দিনে দলের সাংসদীয় শক্তিকে আরও সমৃদ্ধ করবে বলেও মন্তব্য করেন তিনি।
দেখুন অন্য খবর :







