ওয়েব ডেস্ক : রাখি বন্ধনের আনন্দের মুহূর্তই পরিণত হল শোকে। শনিবার সকালে ফরিদাবাদের (Faridabad) একটি বাসস্ট্যান্ডের কাছে দ্রুতগতির গাড়ির ধাক্কায় (Accident) একই পরিবারের তিন ভাইবোনের মৃত্যু হল। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও এক বোন।
রাখি বন্ধন উপলক্ষে চার ভাইবোন একসঙ্গে জড়ো হয়েছিলেন অখিলেশের বাড়িতে। রাতভর উৎসব পালন ও ভাইদের হাতে রাখি বাঁধার পর শনিবার সকালে তিন ভাইবোন বাড়ি ফেরার প্রস্তুতি নেন। তাঁদের বাসস্ট্যান্ডে পৌঁছে দিতে সঙ্গে গিয়েছিলেন অখিলেশ।
আরও খবর : ‘মন কি বাত’ অনুষ্ঠানে উত্তম কুমার, সত্যজিৎ রায়কে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
প্রায় ১০ থেকে ১৫ মিনিট বাসস্ট্যান্ডে অপেক্ষা করার সময় আচমকাই দ্রুতগতিতে একটি গাড়ি তাঁদের দিকে চলে আসে। গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই অখিলেশ ও অবধেশের মৃত্যু হয়। গুরুতর আহত সরোজ ও রাজকুমারীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত সাড়ে ৯টা নাগাদ সরোজের মৃত্যু হয় বলে খবর। ফলে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন। অন্যদিকে রাজকুমারী এখনও ফরিদাবাদের হাসপাতালে চিকিৎসাধীন বলেই জানা যাচ্ছে। দুর্ঘটনার পর গাড়িচালক পলাতক বলে জানা গিয়েছে। অভিযুক্তের খোঁজে তদন্ত চালাচ্ছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় প্রায়ই দ্রুতগতিতে গাড়ি চলাচল করে। ফলে বাসস্ট্যান্ডে অপেক্ষারত মানুষের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।







