ওয়েব ডেস্ক : মাত্র ১৫ বছর বয়সেই ভারতীয় ক্রিকেটে নিজের জায়গা তৈরি করে ফেলেছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই একের পর এক রেকর্ড গড়ে আলোচনায় উঠে এসেছেন বিহারের এই তরুণ ব্যাটার। এবার তাঁর ভবিষ্যৎ নিয়ে বিশেষ পরিকল্পনার কথা জানাল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।
বৃহস্পতিবার মুম্বইয়ে BCCI-এর সদর দফতরে গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেখানেই বৈভবকে (Vaibhav Sooryavanshi) নিয়ে বোর্ডের পরিকল্পনা স্পষ্ট করেন সচিব দেবজিৎ সাইকিয়া। তাঁর বক্তব্য, বৈভবের মতো প্রতিভাবান ক্রিকেটারকে এমনভাবে তৈরি করতে হবে, যাতে তিনি দীর্ঘদিন দেশের হয়ে খেলতে পারেন এবং ভবিষ্যতে কিংবদন্তি হয়ে ওঠেন। এই প্রসঙ্গে শচীন তেন্ডুলকরের উদাহরণও টানেন তিনি।
আরও খবর : মিতালিকে টপকে ইতিহাস স্মৃতির, মহিলা আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক ভারতীয় তারকা
সাইকিয়া জানান, বৈভবকে (Vaibhav Sooryavanshi) নিয়ে অত্যন্ত সতর্ক BCCI। তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের প্রতিটি ধাপের উপর নজর রাখা হচ্ছে। তবে দ্রুত বড় দায়িত্ব দিয়ে তরুণ ক্রিকেটারের উপর বাড়তি চাপ তৈরি করতে চাইছে না বোর্ড। ধাপে ধাপে তাঁকে এগিয়ে নিয়ে যাওয়াই এখন লক্ষ্য। শুধু বৈভব নন, একই বয়সের আরও ১০ থেকে ১৫ জন প্রতিভাবান ক্রিকেটারকে ভবিষ্যতের জন্য নজরে রেখেছে BCCI। বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সের প্রধান ভিভিএস লক্ষ্মণের নেতৃত্বে তাঁদের প্রশিক্ষণ, দক্ষতা এবং ভবিষ্যৎ উন্নতির উপর নিয়মিত নজর রাখা হচ্ছে।
ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ আন্তর্জাতিক অভিষেকে অবশ্য খুব একটা নজর কাড়তে পারেননি বৈভব। তিনটি ইনিংসে তাঁর রান ছিল ১৪, ১৩ এবং ১৫। কিন্তু এরপরই জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে দুর্দান্ত প্রত্যাবর্তন করেন তিনি। ৩-০ ব্যবধানে সিরিজ জেতা ভারতের হয়ে সিরিজ সেরার পুরস্কার পান এই বাঁহাতি ব্যাটার।
এরপর শ্রীলঙ্কায় ভারত ‘এ’-র ত্রিদেশীয় সিরিজে দ্রুততম লিস্ট-এ শতরানের রেকর্ড গড়ে ফের চমকে দেন বৈভব। ঘরোয়া ক্রিকেটেও তাঁর উপর আস্থা দেখিয়েছে দল। মরশুমের শুরুতেই দলীপ ট্রফিতে ইস্ট জোনের সহ-অধিনায়ক করা হয় তাঁকে। সেন্ট্রাল জোনের বিরুদ্ধে সেমিফাইনালে দ্রুত অর্ধশতরান করে দলীপ ট্রফির ইতিহাসে সবচেয়ে কম বয়সে হাফ-সেঞ্চুরি করা ক্রিকেটারও হন তিনি। তবে এত অল্প বয়সে পাওয়া সাফল্যের পরও তাঁকে নিয়ে কোনও তাড়াহুড়ো করতে চাইছে না BCCI। বোর্ডের লক্ষ্য, এক-দু’বছরের ঝলক নয়, বরং দীর্ঘদিন ভারতীয় ক্রিকেটকে পরিষেবা দেওয়ার মতো ক্রিকেটার হিসেবে বৈভবকে তৈরি করা।







