ওয়েব ডেস্ক : বৃষ্টিকে উপেক্ষা করেই শুক্রবার সকাল থেকে খড়দহ থানার বাইরে জমায়েত করেছিলেন কয়েকশো মানুষ। তাঁদের স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে থানা চত্বর। এর মধ্যেই আরজি করের সৎকার মামলায় ধৃত সোমনাথ দে (Somnath dey)-কে থানা থেকে বের করার চেষ্টা করতেই পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে।
নিরাপত্তার কারণে সোমনাথের মাথায় হেলমেট পরিয়ে তাঁকে দ্রুত গাড়িতে তোলার চেষ্টা করে পুলিশ। কিন্তু বিক্ষোভকারীদের একাংশের তরফে ধৃত প্রাক্তন পুরপ্রধানকে লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ ওঠে। এরপর শুরু হয় ইট-পাটকেল নিক্ষেপ। আচমকা উত্তেজনায় থানা চত্বরে হইচই পড়ে যায়। বিক্ষোভকারীদের ছোড়া ইট-পাটকেলের আঘাতে কয়েক জন পুলিশকর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। শেষ পর্যন্ত কড়া নিরাপত্তার মধ্যে তাঁকে প্রিজন ভ্যানে করে ব্যারাকপুর আদালতের উদ্দেশে নিয়ে যাওয়া হয়।
আরও খবর : নিউ ফরাক্কায় মাটি বসে বিপর্যস্ত রেল পরিষেবা, শুক্রবার উত্তরবঙ্গগামী সব ট্রেন বাতিল
আরজি করের (RG Kar) নির্যাতিতার তড়িঘড়ি সৎকার এবং তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে খড়দহ থানায় মামলা রুজু হয়েছে। এই মামলায় ইতিমধ্যেই পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ এবং প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায় জেলে রয়েছেন। এত দিন পলাতক ছিলেন সোমনাথ। বৃহস্পতিবার কর্নাটক থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
এ দিন আদালতে সোমনাথকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, সৎকারের সময় কী ঘটেছিল এবং গোটা ঘটনায় কার কী ভূমিকা ছিল, তা জানতে ধৃত প্রাক্তন পুরপ্রধানকে জেরা করা প্রয়োজন।







