কলকাতা: চৈত্র মাসে অনেক বাঙালি বাড়িতে অন্নপূর্ণা পুজোর (Annapurna Puja 2026) রীতি রয়েছে। চলতিবারে তিথি অনুযায়ী বুধবার এবং বৃহস্পতিবার দু’দিন অন্নপূর্ণা পুজো পড়েছে। সেই প্রেক্ষিতে লক্ষ্মীবারেই অন্নদাত্রীর আরাধনায় মেতে উঠলেন টলিপাড়ার দুই অভিনেত্রী কোয়েল মল্লিক এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ‘সন্তান যেন থাকে দুধে-ভাতে’, সন্তানের মঙ্গলকামনায় বাড়িতে ধুমধাম করে অন্নপূর্ণা পুজো করলেন কোয়েল মল্লিক (Koel Mallick) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)।
রাজের বাড়িতেও খুব নিষ্ঠা সহকারে এই পুজো হয়ে থাকে। তবে গত তিন বছরে এই পুজোর প্রধান আকর্ষণ ছিল শুভশ্রী গঙ্গোপাধ্যায়। পুজোর সব কাজ তিনিই করে থাকেন। আর সব কিছুর মাঝে নায়িকার নজরকাড়া রূপে বারংবার মুগ্ধ হন তাঁর ভক্ত-অনুরাগীরা। ভোগ থেকে শুরু করে পুজোর যাবতীয় কাজের দায়িত্ব নিয়ে থাকেন রাজ-ঘরণী। আর এত ব্যস্ততার মাঝেও নিজেকে সাজিয়ে তুলতে ভোলেন না শুভশ্রী। তাঁকে দেখা গেছে নিষ্ঠা করে পুজোর কাজে সামিল হতে। মাথায় ঘোমটা দিয়ে উলুধ্বনি দিতে দিতে পুজোর কাজ করতে দেখা গেল নায়িকাকে। তাঁর পরনে শিফনের জারদৌসি শাড়ি, হাতে শাঁখা- পলা, গা ভর্তি সোনার গয়না। এদিন এরকমই একটি দৃশ্য লেন্সবন্দি করলেন রাজ নিজে। রকমারি ফুল, প্রদীপে সেজে উঠেছে গোটা বাড়ি। উপস্থিত ছিলেন পরিবার ও বন্ধু- বান্ধবেরা।
আরও পড়ুন: জলকেলি-খুনসুঁটি! থাইল্যান্ডের কো সামুইতে কেমন কাটল বিজয়-রশ্মিকার হানিমুন?
মল্লিক বাড়ির দুর্গাপুজোর সঙ্গে ধুমধাম করে অন্নপূর্ণা পুজোও হয়। ভবানীপুরের মল্লিক বাড়ির প্রায় সব পুজোতেই শুরু থেকে শেষে পর্যন্ত যুক্ত থাকেন কোয়েল মল্লিক।ফি বছর দুর্গাপুজোর চারটে দিন এখানে সপরিবারে অভিনেত্রীকে পাওয়া যায়। অন্নপূর্ণা পুজোর ক্ষেত্রেও তার ব্য়তিক্রম হল না। প্রতিবারের মতো এবারেও ভবানীপুরের পৈতৃক ভিটেয় সকলের সঙ্গে অন্নদাত্রীর বন্দনায় মেতে উঠেছেন কোয়েল। ঠাকুর দালান থেকে নিজেই আধ্যাত্মিক আবহে মুহূর্ত ভাগ করে নিয়েছেন সোশাল মিডিয়ায়।সদ্য রাজ্যসভার সাংসদ পদপ্রাপ্ত নায়িকাকে দেখা গেল কমলা রঙের শাড়িতে আদ্যন্ত স্নিগ্ধ সাজপোশাকে।কখনও অতিথি আপ্যায়ণে ব্যস্ত অভিনেত্রী আবার কখনও বা পুজোর আসরে পুরোহিতের সঙ্গে বার্তালাপে দেখা গেল কোয়েল মল্লিককে।
