ওয়েব ডেস্ক : একদশক বাদে নতুন মরশুম নিয়ে হাজির ‘বিগ বস বাংলা’ (Big Boss Bangla)। সঞ্চালনার দায়িত্বে ভারতের প্রাক্তন অধিনায়ক কথা সকলের ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তবে দীর্ঘ সময় ধরে দর্শকদের কৌতূহলের কেন্দ্রে ছিল ‘বিগ বস বাংলা’-র সেই পরিচিত গম্ভীর কণ্ঠ। ঘরের প্রতিযোগীদের কখনও নির্দেশ, কখনও টাস্কের ঘোষণা, আবার কখনও শুভরাত্রি—সব ক্ষেত্রেই শোনা যেত সেই ব্যারিটোন আওয়াজ। কিন্তু কণ্ঠের মালিক কে, তা নিয়ে এতদিন ছিল ধোঁয়াশা। অবশেষে নিজেই সেই রহস্যের পর্দা সরালেন বাচিকশিল্পী ও অভিনেতা সোহন বন্দ্যোপাধ্যায় (Sohan Bandopadhyay)।
সোহন জানিয়েছেন, ‘বিগ বস বাংলা’(Big Boss Bangla)-র প্রথম ও দ্বিতীয় মরশুমে, অর্থাৎ ২০১৩ এবং ২০১৬ সালে ‘বিগ বস’-এর কণ্ঠ তাঁরই ছিল। এতদিন বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু না বললেও ঘনিষ্ঠ মহলে বিষয়টি জানা ছিল। তাঁর দাবি, কোনও লিখিত নন-ডিসক্লোজার চুক্তি না থাকলেও নিজের থেকেই এতদিন পরিচয়টি গোপন রেখেছিলেন।
প্রথম দুই মরশুমের প্রতিযোগীরা অবশ্য শো শেষ হওয়ার পর সোহনকে দেখে বিষয়টি আন্দাজ করতে পেরেছিলেন। সেখান থেকেই ইন্ডাস্ট্রির অন্দরে তাঁর নাম নিয়ে আলোচনা ছড়ায়। ফলে কয়েক বছর ধরে কেউ কেউ জানতেন বা অনুমান করতেন যে ‘বিগ বস বাংলা’-র সেই কণ্ঠের নেপথ্যে ছিলেন সোহনই। এবার নিজের দীর্ঘ পোস্টে সরাসরি বিষয়টি স্বীকার করেছেন তিনি।
আরও খবর : প্রকাশ্যে এল ‘দেশু ৭’-এর প্রথম ঝলক, দেব-শুভশ্রীর রসায়নে নজর কাড়ল টিজার
তবে এবারের নতুন মরশুমে ‘বিগ বস’ (Big Boss Bangla)-এর ভূমিকায় আর থাকছেন না সোহন। তাঁর কথায়, প্রযোজনা সংস্থা দীর্ঘদিন ধরেই তাঁর সঙ্গে যোগাযোগ রাখছিল এবং তাঁকে ফের এই ভূমিকায় চেয়েছিল। কিন্তু মাঝের প্রায় দশ বছরে তাঁর পরিচিতি, কাজের পরিমাণ, পারিশ্রমিকের প্রত্যাশা এবং পারিবারিক পরিস্থিতিতে অনেক পরিবর্তন এসেছে। দু’পক্ষের আন্তরিক চেষ্টা থাকলেও শেষ পর্যন্ত সবকিছু মেলেনি।
সোহন আরও জানিয়েছেন, নতুন মরশুমে অন্য এক শিল্পী ‘বিগ বস’-এর চরিত্রে কণ্ঠ দেবেন। তবে সেই শিল্পীর পরিচয় এখনও প্রকাশ করেনি নির্মাতারা। ফলে নতুন মরশুমে পরিচিত সেই রহস্যময় কণ্ঠের জায়গায় কার আওয়াজ শোনা যাবে, তা নিয়েই এবার দর্শকদের কৌতূহল আরও বাড়ল।







