KolkataTV

প্রকাশ্যে এল ‘দেশু ৭’-এর প্রথম ঝলক, দেব-শুভশ্রীর রসায়নে নজর কাড়ল টিজার

ওয়েব ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ্যে এল দেবের বহু আলোচিত ছবি ‘দেশু ৭’ (DeSu7)-এর টিজার। প্রথম ঝলকেই ছবির গল্প, চরিত্র এবং আবহ নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। টিজারে দেবকে (Dev) দেখা গিয়েছে একেবারে অন্যরকম চেহারায়। বহু বছর পর শুভশ্রী গঙ্গুলির (Shubhashree Ganguly) সঙ্গে তাঁর জুটিও ফিরছে বড়পর্দায়।

টিজারের শুরুতেই ধরা পড়েছে দীর্ঘ বিচ্ছেদ, না-বলা অনুভূতি এবং পুরনো সম্পর্কের টানাপোড়েন। দেবের চরিত্রের সঙ্গে শুভশ্রীর চরিত্রের সম্পর্ক যে ছবির অন্যতম গুরুত্বপূর্ণ দিক, তার আভাস মিলেছে প্রথম ঝলকেই। ছবিতে শুভশ্রীর চরিত্রের নাম শুভস্মিতা। পেশায় তিনি চিকিৎসক।

আরও খবর : ‘মন কি বাত’ অনুষ্ঠানে উত্তম কুমার, সত্যজিৎ রায়কে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

লাদাখের প্রেক্ষাপটে তৈরি হয়েছে ছবিটি। টিজারে সেনা ছাউনির দৃশ্য নজর কেড়েছে। ফলে গল্পে সেনাবাহিনির কোনও গুরুত্বপূর্ণ যোগ থাকতে পারে বলে মনে করছেন দর্শকদের একাংশ। পাশাপাশি রাজনৈতিক প্রেক্ষাপটেরও ইঙ্গিত রয়েছে। প্রেম ও সম্পর্কের আবেগের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে টানটান অ্যাকশন।

ছবিতে অনির্বাণ ভট্টাচার্যকে (Anirban Bhattacharya) দেখা যাবে একেবারে ভিন্ন অবতারে। টিজারে তাঁর হিংস্র এবং আগ্রাসী উপস্থিতি দেখে খলনায়কের চরিত্রে যে তিনি থাকছেন, সেটাই তুলে ধরা হয়েছে। অন্যদিকে অপরাজিতা আঢ্যকেও দেখা যাবে একেবারে নতুন লুকে। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন প্রিয়াঙ্কা সরকার ও কাঞ্চন মল্লিকও।

‘দেশু ৭’ পরিচালনার দায়িত্বও নিয়েছেন দেব (DEV)। শুধু পরিচালনাই নয়, ছবির গল্পও তাঁর নিজের। তাঁর প্রযোজনা সংস্থা দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স লিমিটেড ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছে। আগামী ১৬ অক্টোবর পুজোর আবহে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর দেব ও শুভশ্রীকে ফের একসঙ্গে দেখতে পাওয়ার অপেক্ষা ইতিমধ্যেই বাড়িয়ে দিয়েছে দর্শকদের উত্তেজনা।

Exit mobile version