KolkataTV

মহানায়কের নামে নিউটাউনে ‘স্বপ্নের’ ফিল্ম সেন্টার, ২৫ কোটির প্রকল্পে এক ছাদের তলায় সিনেমার সব আয়োজন

ওয়েব ডেস্ক : মহানায়ক উত্তমকুমারের (Uttam Kumar) নামে নিউটাউনে তৈরি হতে চলেছে নতুন ফিল্ম সেন্টার (Film Centre)। শুক্রবার সকালে এই প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Addhikari)। ভূমিপুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী ও রঞ্জিত মল্লিক। বাংলা সিনেমার কিংবদন্তিকে স্মরণ করে এই উদ্যোগকে ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে আগ্রহ।

প্রকল্পটির জন্য বরাদ্দ হয়েছে ২৫ কোটি টাকা। পরিকল্পনা অনুযায়ী, ফিল্ম সেন্টারে থাকবে ৭৫০ আসনের দু’টি থিয়েটার। এর পাশাপাশি তৈরি করা হবে ১০০০ আসনের আরও একটি বড় থিয়েটার। ফলে সিনেমা প্রদর্শনের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও বড় আয়োজনের ক্ষেত্রেও ব্যবহার করা যাবে এই পরিকাঠামো।

তবে শুধু প্রেক্ষাগৃহ তৈরিতেই থেমে থাকছে না পরিকল্পনা। চলচ্চিত্র ও বিনোদন জগতের আধুনিক প্রযুক্তিকে গুরুত্ব দিয়ে অ্যানিমেশন, ভিজ্যুয়াল এফেক্ট ও কমিকস তৈরির ব্যবস্থা থাকবে। সিনেমার পোস্ট প্রোডাকশনের জন্য তৈরি হবে বিশেষ ল্যাবরেটরি ও স্টুডিওও।

আরও খবর : যিশুর নতুন গোয়েন্দা অবতার, চশমা-গোঁফে একেবারে অন্যরকম! সৃজিতের ছবিতে বদলে গেল ইধিকার চেনা লুক

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রকল্পের জায়গায় মাটি পরীক্ষার কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। বর্তমানে ডিটেলড প্রজেক্ট রিপোর্ট তৈরির কাজ চলছে। বর্ষার মরশুম শেষ হলেই নির্মাণকাজ শুরু করার পরিকল্পনা রয়েছে। তাঁর বক্তব্য, উত্তমকুমারকে ঘিরে এমন কিছু তৈরি করা দরকার, যা শুধু বর্তমান প্রজন্ম নয়, ভবিষ্যৎ প্রজন্মও মনে রাখবে। এছাড়া অনুষ্ঠানে আসা বিনোদনের সকলকে ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানে মহানায়ককে শ্রদ্ধা জানান মিঠুন চক্রবর্তী, রঞ্জিত মল্লিক ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মিঠুন বলেন, মুখ্যমন্ত্রী যে কথা দেন, তা বাস্তবায়নের চেষ্টা করেন। অন্যদিকে প্রসেনজিৎ জানান, যে জায়গায় ভিতে দাঁড়িয়ে কাজ করছি, সেই ভিত পুঁতে দিয়ে গিয়েছেন মহানায়ক উত্তমকুমার।

Exit mobile version