ওয়েব ডেস্ক : মহাকাশে চীনের (China) গোপন সামরিক প্রযুক্তি নিয়ে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। চীনের রহস্যময় মহাকাশযান ‘শেনলং’ (Shenlong)-এর বিরল ছবি প্রকাশ্যে এসেছে । ছবিতে পৃথিবীর কক্ষপথে থাকা যানটিকে অন্য একটি উপগ্রহের সঙ্গে যুক্ত অবস্থায় দেখা যাচ্ছে। শুধু তাই নয়, মহাকাশযানটির পিছনের দিকে থাকা পেলোড দরজাটিও খোলা বলে মনে করা হচ্ছে। ফলে শেনলংয়ের কার্যক্ষমতা এবং মহাকাশে তার ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
শেনলং শব্দের অর্থ ‘দিব্য ড্রাগন’। চীনের তৈরি এই চালকবিহীন মহাকাশযানটি প্রায় ছয় বছর ধরে বিভিন্ন মহাকাশ অভিযানে অংশ নিচ্ছে। নিম্ন পৃথিবীর কক্ষপথে একাধিকবার রহস্যময় বস্তু ছেড়ে দেওয়ার কারণে আগেও আলোচনায় এসেছে যানটি। তবে ওই বস্তুগুলির প্রকৃত পরিচয় এবং উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট কোনও তথ্য সামনে আসেনি।
প্রকাশিত ছবিটি ২০২৪ সালে ম্যাক্সার টেকনোলজিসের উপগ্রহের মাধ্যমে তোলা হয়েছিল। বর্তমানে সংস্থাটির নাম ভ্যান্টর। প্রায় ৯০ কিলোমিটার দূর থেকে তোলা ছবিটির রেজোলিউশন প্রতি পিক্সেলে ৪.৫ সেন্টিমিটার বলে জানা গিয়েছে। আমেরিকার গোয়েন্দা বিভাগ সম্প্রতি শেনলং নিয়ে উদ্বিগ্ন
আরও খবর : দাস ব্যবসার জন্য ক্ষমা চাইতে প্রস্তুত ব্রিটেন, ক্ষতিপূরণে নারাজ ব্রিটিশ প্রধানমন্ত্রী
শেনলংকে (Shenlong) এমন একটি মহাকাশযান হিসেবে বর্ণনা করা হয়, যা পৃথিবীর কক্ষপথে পৌঁছে বিভিন্ন বস্তু স্থাপন করতে পারে, সেগুলির পরীক্ষা চালাতে পারে এবং পরবর্তী সময়ে পৃথিবীতে ফিরে আসতে সক্ষম। ছবিতে মহাকাশযানটির সৌর প্যানেল খোলা অবস্থায় দেখা গিয়েছে। পাশাপাশি অন্য একটি উপগ্রহের সঙ্গে তার সংযুক্ত থাকার দৃশ্যও ধরা পড়েছে। প্রযুক্তিগত বৈশিষ্ট্যের দিক থেকে শেনলংয়ের সঙ্গে আমেরিকার বোয়িং নির্মিত এক্স-৩৭বি মহাকাশযানের বেশ কিছু মিল রয়েছে। দুটিই পুনর্ব্যবহারযোগ্য চালকবিহীন মহাকাশযান। রকেটের সাহায্যে পৃথিবীর বায়ুমণ্ডল ছেড়ে কক্ষপথে পৌঁছনোর পর নির্দিষ্ট অভিযান সম্পন্ন করে বিমানসদৃশ পদ্ধতিতে পৃথিবীতে ফিরে আসতে পারে।
ভ্যান্টরের দেওয়া তথ্য অনুযায়ী, শেনলংয়ের দৈর্ঘ্য প্রায় ২৬ ফুট। তবে চীন এখনও পর্যন্ত এই মহাকাশযানের কোনও সরকারি ছবি প্রকাশ করেনি। ফলে এর সম্পূর্ণ প্রযুক্তিগত ক্ষমতা এবং অভিযানের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও অজানা।
চলতি বছরের ৭ ফেব্রুয়ারি চীনের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে লং মার্চ ২এফ রকেটের সাহায্যে শেনলংয়ের চতুর্থ অভিযান শুরু হয়। বর্তমানে সেই অভিযান অব্যাহত রয়েছে। মহাকাশে যানটির গতিবিধি পর্যবেক্ষণের জন্য বিভিন্ন সংস্থা ও গবেষকরা স্থলভিত্তিক রাডার-সহ একাধিক প্রযুক্তির সাহায্য নিচ্ছেন।
এদিকে চলতি সপ্তাহে আমেরিকার কয়েকটি শহরের আকাশে শেনলংকে দেখা যাওয়ার সম্ভাবনার কথাও উঠে এসেছে। হেভেনস অ্যাবাভের তথ্যের ভিত্তিতে স্পেস ডট কম জানিয়েছে, ৩ নভেম্বর ডেনভার এবং ৫ ও ৬ নভেম্বর লস অ্যাঞ্জেলেসের আকাশের উপর দিয়ে যেতে পারে এই মহাকাশযান। ভোরের আকাশে অনুকূল পরিস্থিতিতে খালি চোখেও সেটিকে দেখা যেতে পারে বলে উল্লেখ করা হয়েছে।







