KolkataTV

ভুটানের সঙ্গে ৪ হাজার কোটি টাকার ঋণচুক্তি সই করল ভারত

ওয়েব ডেস্ক : ভারত (India) ও ভুটানের (Bhutan) দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন মাত্রা যোগ হল। থিম্পুতে ভুটানের সঙ্গে ৪ হাজার কোটি টাকার ঋণচুক্তি সই করল ভারত। পাশাপাশি ১২টি নতুন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নেও দুই দেশের মধ্যে সহযোগিতা চুক্তি হয়েছে। বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী, এই প্রকল্পগুলির জন্য মোট ৩৩২ কোটি টাকা ব্যয় করা হবে।

দু’দিনের সরকারি সফরে ভুটান (Bhutan) গিয়েছিলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। সফর চলাকালীন তিনি ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক, প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে এবং বিদেশ ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী লিয়নপো ডি এন ধুংগেলের সঙ্গে বৈঠক করেন। দ্বিপাক্ষিক সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়টি বৈঠকে গুরুত্ব পায়।

আরও খবর : ব্রড পিকে তুষারধসের পর ২৪ ঘণ্টা কেটে গেল, এখনও নিখোঁজ নির্মল পুরজাসহ অনেকে

বিদেশ মন্ত্রকের মতে, এই চুক্তিগুলি ভুটানের (Bhutan) উন্নয়নমূলক পরিকাঠামো এবং বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে আর্থিক সহায়তা জোগাবে। একই সঙ্গে দুই দেশের দীর্ঘদিনের কৌশলগত ও অর্থনৈতিক অংশীদারিত্ব আরও মজবুত হবে।

ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পরিবর্তিত ভূরাজনৈতিক পরিস্থিতির মধ্যেই এই চুক্তিকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের একাংশের মতে, ভুটানের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা ভারতের ‘প্রতিবেশী প্রথম’ নীতিকে আরও শক্তিশালী করবে এবং সীমান্তবর্তী অঞ্চলে পারস্পরিক আস্থা ও উন্নয়নমূলক সম্পর্ককে নতুন গতি দেবে।

Exit mobile version