KolkataTV

আমেরিকার মাটিতে ভারতের বড় সম্মান! ১৫ আগস্টকে ‘ইন্ডিয়া ডে’ ঘোষণা দুই প্রশাসনের

ওয়েব ডেস্ক : ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসের আগে আন্তর্জাতিক মঞ্চে এল বড় স্বীকৃতি। আমেরিকার ম্যাসাচুসেটস (Massachusetts) অঙ্গরাজ্য এবং বস্টন (Boston) শহর ১৫ আগস্টকে আনুষ্ঠানিকভাবে ‘ইন্ডিয়া ডে’ (India Day) হিসেবে ঘোষণা করেছে। ভারতীয়-আমেরিকান সম্প্রদায়ের দীর্ঘদিনের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও নাগরিক অবদানকে সম্মান জানাতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে সেখানকার প্রশাসন।

ম্যাসাচুসেটসের (Massachusetts) গভর্নর মৌরা হিলি ১ আগস্ট জারি করা ঘোষণাপত্রে উল্লেখ করেছেন, ১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা শুধু একটি দেশের মুক্তির ইতিহাস নয়, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের পথচলারও সূচনা। পাশাপাশি ভারতীয় বংশোদ্ভূত নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ এবং সাংস্কৃতিক বিনিময়ের ভূমিকাকেও বিশেষভাবে তুলে ধরা হয়েছে।

আরও খবর : স্ত্রীর স্মৃতিতে ৭ হাজার গাছ! আকাশ থেকে দেখলে দেখা যায় বিশাল গিটার, প্রেমের অনন্য নজির

একই দিনে বস্টনের (Boston) মেয়র মিশেল উ’ পৃথক ঘোষণায় ১৫ আগস্টকে ‘ইন্ডিয়া ডে’ হিসেবে স্বীকৃতি দেন। তিনি বস্টনে ভারতের নতুন কনস্যুলেট চালু হওয়াকে স্বাগত জানান। আরও বলা হয়েছে, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে ৩ কোটি ৬০ লক্ষেরও বেশি ভারতীয় বংশোদ্ভূত মানুষের বসবাস। এর মধ্যে শুধু আমেরিকাতেই রয়েছেন ৫০ লক্ষের বেশি ভারতীয় বংশোদ্ভূত নাগরিক। চিকিৎসা, বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা, ব্যবসা এবং জনসেবার মতো একাধিক ক্ষেত্রে তাঁদের গুরুত্বপূর্ণ অবদান মার্কিন সমাজকে সমৃদ্ধ করেছে।

ম্যাসাচুসেটস প্রশাসনের মতে, প্রতি বছর স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতীয়-আমেরিকানদের নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও উদ্‌যাপন ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতি, গণতান্ত্রিক মূল্যবোধ এবং শান্তি ও উন্নয়নের বার্তা আরও শক্তিশালী করেছে। সেই অবদানের স্বীকৃতি হিসেবেই এ বছর ১৫ আগস্টকে ‘ইন্ডিয়া ডে’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

Exit mobile version