KolkataTV

UN-এর বিশ্ব মানচিত্র প্রস্তাবে ভারতের সমর্থন, তবে কড়া হুঁশিয়ারি ভারতের

ওয়েব ডেস্ক : বিশ্বের মানচিত্র কীভাবে তুলে ধরা হবে, তা নিয়ে রাষ্ট্রপুঞ্জের সাম্প্রতিক উদ্যোগে সমর্থন জানাল ভারত। রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদে সমান আয়তনভিত্তিক বা ‘ইকুয়াল আর্থ’(Equal Earth) মানচিত্র ব্যবহারের পক্ষে আনা প্রস্তাবে ভোট দিয়েছে নয়াদিল্লি। তবে এই প্রস্তাবকে কোনও নির্দিষ্ট মানচিত্র, প্রজেকশন বা জাতীয় সীমানার চিত্রকে অনুমোদন হিসেবে দেখা যাবে না, এমনটাই স্পষ্ট করেছে ভারত। মানচিত্র বদল সংক্রান্ত ‘কারেক্ট দ্য ম্যাপ’ নামের প্রস্তাবটি পেশ করেছিল আফ্রিকার দেশ টোগো।

ভারতের বিদেশ মন্ত্রকের বক্তব্য, দেশের সার্বভৌম ভূখণ্ডের ম্যাপের ক্ষেত্রে সরকারি মানচিত্রই অনুসরণ করতে হবে। বিশেষ করে জম্মু-কাশ্মীর এবং লাদাখকে ভারতের সরকারি মানচিত্র অনুযায়ী দেখানো জরুরি বলে জানানো হয়েছে। কোনও আন্তর্জাতিক মানচিত্রে ভারতের ভূখণ্ডকে ভুল বা বিভ্রান্তিকরভাবে তুলে ধরা হলে তা গ্রহণযোগ্য হবে না।

আরও খবর : বন্যার জল নামলেও দুর্ভোগ কাটেনি, নেপালে ত্রাণ শিবিরে দিন কাটছে হাজারো মানুষের    

‘ইকুয়াল আর্থ’(Equal Earth) প্রস্তাবের মূল লক্ষ্য হল বিশ্বের বিভিন্ন ভূখণ্ডের আয়তনকে তুলনামূলকভাবে আরও সঠিকভাবে তুলে ধরা। বর্তমানে বহুল ব্যবহৃত ‘Mercator’ প্রজেকশনে মেরু অঞ্চলের ভূখণ্ড তুলনামূলকভাবে বড় দেখায়। আফ্রিকার মতো নিরক্ষীয় অঞ্চলের প্রকৃত আয়তন ছোট বলে মনে হয়। নতুন প্রস্তাবে সেই বিকৃতি কমানোর লক্ষ্য রাখা হয়েছে।

তবে ভারতের অবস্থান স্পষ্ট, মানচিত্রের প্রজেকশন বদলালেও দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার ক্ষেত্রে কোনও আপস করা হবে না। জম্মু-কাশ্মীর ও লাদাখের ক্ষেত্রে ভারতের সরকারি মানচিত্রের বাইরে কোনও উপস্থাপনাকে মেনে নেওয়া হবে না বলেই বার্তা দিয়েছে নয়াদিল্লি। উল্লেখ্য, প্রস্তাবিত বিশ্ব মানচিত্রের ভোটাভুটিতে অংশ নিয়েছিল ১৬৫টি দেশ। এর মধ্যে একমাত্র আমেরিকাই প্রস্তাবের বিপক্ষে ভোট দিলেও বাকি দেশগুলিই প্রস্তাবের সপক্ষে ভোট দিয়েছে।

Exit mobile version