KolkataTV

ভয়াবহ বিপর্যয়ের পরও কাটেনি নেপালের আতঙ্ক, ৭২ ঘণ্টায় ফের হড়পা বানের শঙ্কা

ওয়েব ডেস্ক : ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের পরও কাটেনি নেপালের (Nepal) আশঙ্কা। হড়পা বান ও বন্যায় (Flood) ইতিমধ্যেই বহু মানুষের মৃত্যু হয়েছে, নিখোঁজের সংখ্যাও উদ্বেগজনক। উদ্ধারকাজ চলার মধ্যেই এবার নতুন করে বন্যার সম্ভাবনা সামনে আসায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

নেপাল-তিব্বত সীমান্তের কাছে ছোচেন খোলা ও পুরেপু সাংপো নদীর মিলনস্থলের কাছে একটি হিমবাহ হ্রদ তৈরি হয়েছে বলে জানিয়েছে চীনের জলসম্পদ মন্ত্রক। বৃহস্পতিবার সকাল পর্যন্ত সেখানে প্রায় ২০ লক্ষ ঘনমিটার জল জমেছিল। ইতিমধ্যেই হ্রদের জল উপচে পড়তে শুরু করেছে বলেও জানা গিয়েছে।

আরও খবর : নেপালে ভয়াবহ হড়পা বানে মৃত ১৫৭, নিখোঁজ ৭৫০-র বেশি

চিনা কর্তৃপক্ষের আশঙ্কা, আগামী তিন দিনে হ্রদটিতে আরও প্রায় ৩০ লক্ষ ঘনমিটার জল জমতে পারে। জলস্তর দ্রুত বেড়ে গেলে প্রাকৃতিক বাঁধ ভেঙে বিপুল জলরাশি নেমে আসার আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে ফের নদীগুলির জলস্তর বেড়ে গিয়ে নেপালের বিস্তীর্ণ এলাকায় নতুন করে বন্যা তৈরি হতে পারে। পরিস্থিতির কথা মাথায় রেখে নেপালের ভোটেকোশী, ত্রিশূলী ও নারায়ণী নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। অন্যদিকে, চলতি বিপর্যয় নিয়ে চীনের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে বেজিং। তাদের বক্তব্য, অভিযোগ-পাল্টা অভিযোগের বদলে এই মুহূর্তে বিপর্যয় মোকাবিলায় পারস্পরিক সহযোগিতাই বেশি জরুরি।

নেপালের (Nepal) বিপর্যয়ে ভারতীয় নাগরিকদের নিয়েও উদ্বেগ রয়েছে। বিদেশমন্ত্রকের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ২৮৮ জন ভারতীয় নিখোঁজ রয়েছেন। তিব্বতে আরও প্রায় ২০০ জন ভারতীয় উদ্ধারের অপেক্ষায় রয়েছেন বলে জানা গিয়েছে। সব মিলিয়ে ভয়াবহ বিপর্যয়ের ক্ষত সামলানোর আগেই নতুন হুমকির মুখে নেপাল। আগামী ৭২ ঘণ্টার পরিস্থিতির দিকেই এখন নজর প্রশাসন ও সাধারণ মানুষের।

Exit mobile version