ওয়েব ডেস্ক : মধ্যপ্রাচ্যের (Middle east) সংঘাতের আবহে ইরানের বিরুদ্ধে বড় পদক্ষেপ সংযুক্ত আরব আমিরশাহির। মঙ্গলবার আরব আমিরশাহির সরকার জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানের সঙ্গে সমস্ত বাণিজ্যিক আদানপ্রদান এবং আর্থিক লেনদেন বন্ধ রাখা হয়েছে। আঞ্চলিক পরিস্থিতির দ্রুত অবনতির কারণেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।
এর আগে UAE-র বাসিন্দাদের ফোনে আচমকা সতর্কবার্তা পৌঁছয়। সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় নিরাপদ কোনও ভবনে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিছুক্ষণ পর অবশ্য সেই সতর্কতা প্রত্যাহার করে নেওয়া হয়। এরপরই সামনে আসে ইরান থেকে UAE-র দিকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ।
আরও খবর : সোনার খনিতে আচমকা ধস, আফ্রিকায় মৃত অন্তত ৩০! আটকে বহু শ্রমিক
UAE-র দাবি, দুটি ক্ষেপণাস্ত্রই সমুদ্রপথে চলাচলকারী জাহাজকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল। একটি UAE-র জলসীমার বাইরে পড়ে এবং অন্যটি দেশের জলসীমার মধ্যেই সমুদ্রে আছড়ে পড়ে। গত কয়েক সপ্তাহে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ADNOC-এর মালবাহী ট্যাঙ্কারগুলিও বারবার হামলার নিশানায় এসেছে বলে অভিযোগ করেছে আবুধাবি।
তবে UAE-র অভিযোগ সরাসরি খারিজ করেছে ইরান। তেহরানের বিদেশমন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই দাবি করেছেন, UAE-র এই বক্তব্য ভিত্তিহীন এবং তা আঞ্চলিক আস্থা ও নিরাপত্তা প্রতিষ্ঠার প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করছে। একইসঙ্গে হরমুজ প্রণালী শান্তিচুক্তি না হওয়া পর্যন্ত বন্ধ রাখার হুঁশিয়ারিও দিয়েছে ইরান। ফলে নতুন করে আরও জটিল হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি।
