KolkataTV

এইচওয়ানবি ভিসাধারীদের জন্য আরও সহজ গ্রিন কার্ড! মার্কিন সেনেটে পেশ নতুন বিল

ওয়েব ডেস্ক : আমেরিকায় (America) দীর্ঘদিন ধরে বসবাসকারী অভিবাসীদের জন্য স্থায়ী নাগরিকত্বের পথ সহজ করতে মার্কিন সেনেটে নতুন একটি বিল পেশ করা হয়েছে। ডেমোক্র্যাট সেনেটর অ্যালেক্স প্যাডিলার আনা এই প্রস্তাব কার্যকর হলে, টানা সাত বছর যুক্তরাষ্ট্রে বসবাসকারী যোগ্য অভিবাসীরা গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এর ফলে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা বহু ভারতীয় এইচওয়ানবি ( H-1B) ভিসাধারীও উপকৃত হতে পারেন।

প্রস্তাবিত বিলে বলা হয়েছে, আবেদনকারীদের বিরুদ্ধে কোনও অপরাধমূলক রেকর্ড থাকা চলবে না। গ্রিন কার্ডের জন্য নির্ধারিত অন্যান্য শর্তও পূরণ করতে হবে। এই উদ্যোগের আওতায় ড্রিমার, টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাসধারী, দীর্ঘমেয়াদি ভিসাধারীদের সন্তান এবং বিভিন্ন ক্ষেত্রের কর্মীরাও আসতে পারেন।

আরও খবর : জাপানে শক্তিশালী ভূমিকম্পে বাড়ছে মৃত্যুর সংখ্যা

বর্তমান আইনে ১৯৭২ সালের ১ জানুয়ারির আগে আমেরিকায় (America) বসবাস শুরু করা ব্যক্তিরাই নির্দিষ্ট একটি বিধানের আওতায় স্থায়ী নাগরিকত্বের সুযোগ পান। নতুন বিলে সেই নির্দিষ্ট তারিখের পরিবর্তে ‘টানা সাত বছরের বসবাস’-এর শর্ত যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। বিলটি আইনে পরিণত হলে ৬০ দিনের মধ্যে নতুন নিয়ম কার্যকর হতে পারে।

ভারতীয় পেশাজীবীদের জন্য এই প্রস্তাব বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ডের দীর্ঘ অপেক্ষার কারণে বহু এইচওয়ানবি (H-1B) ভিসাধারী বছরের পর বছর স্থায়ী নাগরিকত্বের অপেক্ষায় রয়েছেন। নতুন ব্যবস্থা চালু হলে তাঁদের জন্য সেই প্রক্রিয়া অনেকটাই সহজ হতে পারে। তবে বিলটি এখনও প্রস্তাবের স্তরেই রয়েছে। রিপাবলিকানদের বিরোধিতার কারণে এটি কংগ্রেসে পাস হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

Exit mobile version