কলকাতা: তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)। তোলাবাজির অভিযোগে বিধাননগর উত্তর থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। কোটি টাকার তোলাবাজির অভিযোগে সোমবার গভীর রাতে রাজারহাটের ২১১ রোড লাগোয়া রাইগাছি এলাকার একটি অভিজাত আবাসন থেকে গ্রেফতার করা হয় বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে।
গত কয়েকদিন আগে সল্টলেকের এক ব্যাবসায়ী তৃণমূলের প্রাক্তন এই বিধায়কের বিরুদ্ধে বিধাননগর কমিশনারেটে একটি অভিযোগ জানান। এক ব্যবসায়ী সব্যসাচীর (Sabyasachi Dutta Arrested) বিরুদ্ধে তোলাবাজি, খুনের হুমকি, মানসিক নির্যাতনের মতো অভিযোগ তোলেন। ই ব্যবসায়ীর অভিযোগের প্রেক্ষিতে সোমবার রাতে রাজারহাটের রাইগাছি এলাকায় সব্যসাচীর বাড়িতে হানা দেয় বিধাননগর উত্তর থানার পুলিশ। রাতেই আটক করে থানায় নিয়ে যাওয়া হয় তৃণমূল নেতাকে। সূত্রের খবর, সেখানে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার করা হয় সব্যসাচীকে। গ্রেফতার হওয়ার পর সংবাদমাধ্যমের প্রশ্নের সেই অভিযোগ অস্বীকার করেন সব্যসাচী। তিনি বলেন, “এক কোটি কেন, ১০০ কোটিও বলতে পারে। এক টাকাও যদি কোনও দিন আমাকে দিয়ে থাকে, তাহলে আমাকে ফাঁসিকাঠে তুলে দিক।”তৃণমূল নেতার দাবি, ”এই অভিযোগ পুরোটাই মিথ্যা এবং সাজানো। যিনি অভিযোগ করেছেন, ২০১৮ সালে তাঁকে বিধাননগর উত্তর থানা গ্রেফতার করেছিল। বিভিন্ন সময়ে ভুয়ো কেসে গ্রেফতার হয়েছেন। সেই সময় তাঁর পরিবারের লোক এবং একজন ব্যবসায়ী এসেছিলেন আমার কাছে জামিন করিয়ে দেওয়ার জন্য।”
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেফতার হওয়া অভিযুক্তকে আদালতে পেশ করার আগে নিয়ম অনুযায়ী মেডিক্যাল পরীক্ষা করানো হয়। আজ সব্যসাচী দত্তকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। পুলিশের একাধিক আধিকারিক উপস্থিত ছিলেন। এরপরই বিধি মেনে তাঁকে সংশ্লিষ্ট বিধাননগর আদালতে পেশ করা হবে। প্রসঙ্গত, সব্যসাচী দত্ত ২০১১ থেকে ২০১৯ পর্যন্ত বিধায়ক ছিলেন। পরে দল বদলে তিনি বিজেপিতে যোগ দেন। ২০২১ সালে বিধাননগরে বিজেপির প্রার্থী হন সব্যসাচী। তবে প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর কাছে হেরে গিয়ে সেই বছরই ফের তৃণমূলে ফেরত আসেন। ২০২২ সালে ফের ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হন। পরে তিনি বিধাননগর পুরবোর্ডের চেয়ারপার্সন পদেও ছিলেন। সল্টলেক, রাজারহাট, নিউটাউন এলাকায় সব্যসাচী দত্ত ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে সিন্ডিকেট, তোলাবাজি সহ একাধিক অভিযোগ রয়েছে।







