KolkataTV

একুশে জুলাইয়ে কলকাতায় তিন মঞ্চে শহিদ স্মরণ, কড়া নিরাপত্তা শহরজুড়ে

কলকাতা: একুশে জুলাই (21 July) উপলক্ষে এ বার কলকাতায় একাধিক রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে কলকাতা পুলিশ (Kolkata Police)। প্রতি বছরের মতো ধর্মতলায় একটি সভা নয়, এ বার শহরে তিনটি পৃথক মঞ্চে শহিদ স্মরণ কর্মসূচির আয়োজন হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষা এবং যান চলাচল স্বাভাবিক রাখা পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

মঙ্গলবার তৃণমূল কংগ্রেস, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘আসল তৃণমূল’ এবং কংগ্রেস- এই তিন পক্ষের পৃথক কর্মসূচি ঘিরে শহিদ মিনার, গান্ধী মূর্তি এবং বিরলা প্ল্যানেটোরিয়াম সংলগ্ন এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। লালবাজার সূত্রে জানা গিয়েছে, তিনটি সভাস্থল মিলিয়ে প্রায় এক হাজার পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে সার্বক্ষণিক নজরদারির জন্য ড্রোন ব্যবহার করা হবে।

আরও পড়ুন: ২১ জুলাইয়ের সমাবেশ ঘিরে কড়া লালবাজার, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে সেন্ট্রাল ও সাউথ ডিভিশনের একাধিক ডেপুটি কমিশনার, র‌্যাপিড অ্যাকশন ফোর্স (র‌্যাফ), এইচআরএফএস এবং অন্যান্য বিশেষ বাহিনী মোতায়েন থাকছে। প্রয়োজন অনুযায়ী কেন্দ্রীয় বাহিনীরও সহায়তা নেওয়া হবে বলে জানা গিয়েছে।

তবে এ দিনের কর্মসূচির জন্য কোনও রাস্তা সম্পূর্ণ বন্ধ রাখা হচ্ছে না। যদিও শহিদ মিনার, রেড রোড, মেয়ো রোড, ডাফরিন রোড, ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং ক্যাথেড্রাল রোড সংলগ্ন এলাকায় যানজটের আশঙ্কা রয়েছে। ক্যাথেড্রাল রোডে নির্দিষ্ট সময় অনুযায়ী একমুখী যান চলাচলের ব্যবস্থা করা হয়েছে, যাতে ট্রাফিক নিয়ন্ত্রণ করা যায়।

পুলিশের পক্ষ থেকে নাগরিকদের প্রয়োজন ছাড়া ভিড়পূর্ণ এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে যাত্রার আগে ট্রাফিক আপডেট দেখে বেরোনোর আবেদনও জানানো হয়েছে। একাধিক রাজনৈতিক সমাবেশকে কেন্দ্র করে শহরে নিরাপত্তা ও ট্রাফিক, দুই ক্ষেত্রেই বিশেষ সতর্কতা বজায় রাখছে প্রশাসন।

Exit mobile version