KolkataTV

কবি সুভাষের পর এবার এই স্টেশনের পিলারে চিড়!

ওয়েব ডেস্ক: কলকাতা মেট্রোর (Kolkata Metro) পরিকাঠামো নিয়ে ফের উঠল প্রশ্ন। কবি সুভাষ মেট্রো স্টেশনের ঘটনার পর এবার গ্রিন লাইনের সিটি সেন্টার (City Center) মেট্রো স্টেশনের একটি পিলারে ফাটল ধরা পড়ল। খবর প্রকাশ্যে আসতেই ঘটনাস্থলে পৌঁছন মেট্রো রেলের শীর্ষ আধিকারিক, স্ট্রাকচারাল বিশেষজ্ঞ এবং ইঞ্জিনিয়ারদের দল। দীর্ঘ পর্যবেক্ষণের পর কর্তৃপক্ষ জানিয়েছে, ফাটলটি মূল কাঠামোয় নয়। পিলারের বাইরের আবরণে। ফলে স্টেশন বা মেট্রো চলাচলের নিরাপত্তা নিয়ে আপাতত কোনও উদ্বেগের কারণ নেই।

বুধবার সকালে বিষয়টি নজরে আসার পরই সংশ্লিষ্ট পিলারের বিস্তারিত পরীক্ষা শুরু হয়। ইঞ্জিনিয়াররা বাইরের প্লাস্টারের অংশ সরিয়ে ফাটলের গভীরতা এবং প্রকৃতি খতিয়ে দেখেন। প্রাথমিক পরীক্ষায় জানা যায়, এটি ক্ল্যাডিং বা বাহ্যিক আবরণে তৈরি হওয়া চিড়। অর্থাৎ, পিলারের লোড বহনকারী মূল অংশে কোনও ক্ষতির চিহ্ন মেলেনি।

আরও খবর : ওবিসি সংরক্ষণ মামলার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন, রাজ্যকে হলফনামার নির্দেশ হাইকোর্টের

মেট্রো (Metro) রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক এস এস কান্নান জানান, বিশেষজ্ঞদের রিপোর্ট অনুযায়ী যাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো কোনও পরিস্থিতি তৈরি হয়নি। তাই গ্রিন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। একইসঙ্গে তিনি জানান, ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত মেরামত করা হবে।

উল্লেখ্য, গত বছর কবি সুভাষ মেট্রো স্টেশনের একটি পিলারে ফাটল ধরা পড়ার পর স্টেশনটি দীর্ঘদিনের জন্য বন্ধ রাখতে হয়েছিল। সেই ঘটনার পর মেট্রোর পরিকাঠামোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। এবার সিটি সেন্টার স্টেশনে একই ধরনের ফাটল ধরা পড়ায় সতর্ক হয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

Exit mobile version