কলকাতা: স্বাধীনতা দিবসের (Independence Day 2026) অনুষ্ঠান নিয়ে সময়সূচিও বেঁধে দেওয়া হয়েছে। রাজ্য, জেলা, মহকুমা, ব্লক এবং গ্রাম পঞ্চায়েত স্তরে সকাল ৯টার পর অনুষ্ঠান শুরু করতে বলা হয়েছে। রাজ্য স্তরে মুখ্যমন্ত্রী এবং জেলা স্তরে মন্ত্রী, কমিশনার বা জেলাশাসক জাতীয় পতাকা উত্তোলন করবেন। মহকুমা ও ব্লক স্তরে সংশ্লিষ্ট আধিকারিক এবং পঞ্চায়েত ও গ্রাম স্তরে প্রধানরা পতাকা উত্তোলন করবেন।
স্বাধীনতা দিবসকে ঘিরে পরিচ্ছন্নতা অভিযানেও জোর দেওয়া হয়েছে। ‘স্বচ্ছ ভারত’ কর্মসূচির আওতায় প্রতিটি জেলা ও রাজ্যে গুরুত্বপূর্ণ জায়গা চিহ্নিত করে এক মাস ধরে পরিচ্ছন্নতা অভিযান চালানোর নির্দেশ রয়েছে। স্কুলপড়ুয়া, এনসিসি, এনএসএস, যুব সংগঠন এবং বিভিন্ন সামাজিক সংগঠনকে এই কাজে যুক্ত করার কথা লা হয়েছে। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচি পালনের উপরেও জোর দেওয়া হয়েছে।
আরও খবর : পুরসভায় বেআইনি নিয়োগের অভিযোগ, সুজিত বসুর বিরুদ্ধে বিস্ফোরক দাবি ইডির
১৫ অগস্ট সন্ধ্যায় রাজ্যপাল বা লেফটেন্যান্ট গভর্নরের বাসভবনে ‘অ্যাট হোম’ অনুষ্ঠানের আয়োজনের নির্দেশ রয়েছে। সেখানে বিশেষ কৃতিত্বের অধিকারী মানুষদের আমন্ত্রণ জানানোর কথা বলা হয়েছে। দিব্যাঙ্গজন, পদ্ম পুরস্কারপ্রাপ্ত, শহিদ পরিবারের সদস্য, ক্রীড়াবিদ, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, স্বচ্ছতাকর্মী, গবেষক এবং সাহসিকতার পুরস্কারপ্রাপ্ত শিশুদের মতো বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টদের তালিকায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
দেশাত্মবোধের আবহ তৈরি করতে স্বাধীনতা দিবস উপলক্ষে সারা দেশে ব্যান্ডের অনুষ্ঠানও হবে। গুরুত্বপূর্ণ প্রায় ৩৪৩টি স্থানে এই কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে।
