KolkataTV

ফের বিপত্তি ব্লু লাইনে! রবীন্দ্র সরোবর স্টেশনের ঘটনার জেরে থমকাল মেট্রো পরিষেবা

ওয়েব ডেস্ক: শুক্রবার রাতের ব্যস্ত সময়েই ফের সমস্যার মুখে পড়ল কলকাতা মেট্রোর (Kolkata Metro) ব্লু লাইন। রবীন্দ্র সরোবর স্টেশনে এক মহিলাকে লাইনে পড়ে থাকতে দেখা যাওয়ার পর নিরাপত্তার স্বার্থে দ্রুত বিদ্যুৎ সংযোগ বন্ধ করে উদ্ধারকাজ শুরু করে মেট্রো কর্তৃপক্ষ। এর জেরেই পরিষেবায় বিঘ্ন ঘটে।

মেট্রো সূত্রের খবর, ঘটনাটি রাত প্রায় ৮টা নাগাদ ঘটে। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মহিলাকে লাইন থেকে তুলে চিকিৎসার জন্য পাঠায়। তাঁর পরিচয় ও বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

আরও খবর : টানা তিন দিন ঊর্ধ্বমুখী সোনার দাম, কলকাতার বাজারে আবারও বাড়ল রুপোর দর

ঘটনার পর দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত সীমিত পরিষেবা চালু রাখা হলেও, বাকি অংশে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। ফলে অফিসফেরত বহু যাত্রীকে সমস্যায় পড়তে হয়। উদ্ধারকাজ শেষ হলে ধাপে ধাপে পরিষেবা স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়।

কলকাতা মেট্রোর (Kolkata Metro) প্রাচীনতম ব্লু লাইনে অতীতেও এমন ঘটনার কারণে একাধিকবার পরিষেবা ব্যাহত হয়েছে। নতুন মেট্রো করিডরগুলিতে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা থাকলেও, পুরনো এই রুটে এখনও সেই পরিকাঠামো সর্বত্র গড়ে ওঠেনি।

Exit mobile version