KolkataTV

ডিম আক্রমণের ঘটনায়, হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ মহুয়া মৈত্রর

ওয়েব ডেস্ক : ডিম হামলার অভিযোগকে কেন্দ্র করে ফের কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (mahua Moitra)। নিজের সংসদীয় এলাকায় গত ১৬ সেপ্টেম্বরের ঘটনার প্রসঙ্গ তুলে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়। মামলাটি দ্রুত শুনানির আবেদন জানানো হলেও সেই আর্জি খারিজ করে বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, তালিকা অনুযায়ীই শুনানি হবে।

ঘটনার দিন মহুয়া অভিযোগ করেছিলেন, তেহট্টে ঘরোয়া বৈঠকে যোগ দিতে গেলে বাইরে জড়ো হওয়া বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়েন। ঘটনার পর ফেসবুক লাইভে বিষয়টি তুলে ধরেন সাংসদ। তাঁর দাবি, স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ-সভাপতির নেতৃত্বে বিক্ষোভ হয়েছিল। পুলিশের উপস্থিতি ও সহযোগিতাতেই বিক্ষোভকারীরা জমায়েত হয়েছিলেন বলেও অভিযোগ করেন তিনি।

আরও খবর :  কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রাম কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

পুলিশ দাবি করেছিল, তেহট্টের ওই ঘরোয়া বৈঠকের জন্য আগে থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি। পাল্টা মহুয়া বলেছিলেন, পুলিশ সুপার বৈঠকের বিষয়ে অবগত ছিলেন। বিক্ষোভের সময় ‘চোর, চোর’ স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ তাঁর। মহুয়া জানিয়েছিলেন, তাঁর গাড়িতে ফের ডিম ছোড়ার ঘটনা ঘটলে তিনি আবারও আদালতের দ্বারস্থ হবেন। সেই মতো আদালতের দ্বারস্থ হলেন তিনি।

এর আগে কৃষ্ণনগর লোকসভা এলাকায় ডিম হামলার অভিযোগ তুলে হাইকোর্টে আবেদন করেছিলেন মহুয়া মৈত্র। ১ সেপ্টেম্বর আদালত তাঁর নির্বাচনী এলাকায় সফরের সময় নিরাপত্তার জন্য দু’জন পুলিশকর্মী মোতায়েনের নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশের পরেও তেহট্টের ঘটনায় সাংসদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছিল।

Exit mobile version