KolkataTV

কলকাতার তিন নামী মলের ফুড কোর্টে হানা, সাউথ সিটি থেকে অ্যাক্রোপলিসে খাদ্যদফতরের অভিযান

ওয়েব ডেস্ক : কলকাতার নামী শপিং মলগুলির (Shopping Mall) ফুড কোর্টেও এবার নজরদারি শুরু করল প্রশাসন। খাবারের মান নিয়ে একের পর এক অভিযোগ সামনে আসার পর রবিবার শহরের তিনটি বড় মলে অভিযান চালায় খাদ্যদফতরর ও পুরসভার যৌথ প্রতিনিধিদল। সাউথ সিটি, অ্যাক্রোপলিস এবং হাইল্যান্ড পার্কের মেট্রোপলিস মলের ফুড কোর্ট ও রান্নাঘর খতিয়ে দেখেন আধিকারিকরা।

অভিযানের সময় বিভিন্ন খাবারের (Food) গুণমান, সংরক্ষণের পদ্ধতি এবং রান্নাঘরের পরিচ্ছন্নতা পরীক্ষা করা হয়। দীর্ঘদিন ধরে রাখা কিংবা মেয়াদ পেরিয়ে যাওয়া খাদ্যসামগ্রী পাওয়া গেলে সেগুলি নষ্ট করে ফেলে দেওয়া হয়। রান্নাঘরে খাবার কীভাবে রাখা হচ্ছে, সেই বিষয়টিও বিশেষভাবে খতিয়ে দেখা হয়।

আরও খবর :  চিৎপুরে কারখানায় ভয়াবহ আগুন

সূত্রের খবর, হাইল্যান্ড পার্কের মেট্রোপলিস মলের রান্নাঘরে বেশ কিছু অনিয়ম নজরে আসে। সবজি, ফ্রিজে রাখা ভাত-সহ বিভিন্ন খাদ্যসামগ্রী পরীক্ষা করেন আধিকারিকরা। অন্যদিকে, অ্যাক্রোপলিস মলের একটি রেস্তরাঁয় ছত্রাক ধরা মাংস পাওয়ার অভিযোগ উঠেছে। পাশাপাশি, একটি নামী বাঙালি রেস্তরাঁয় দীর্ঘদিন ধরে সংরক্ষিত নষ্ট খাবারও ফেলে দেন আধিকারিকরা।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে কলকাতার (খদতকোূো) বিভিন্ন রেস্তরাঁ ও খাবারের দোকানে ধারাবাহিক অভিযান চালাচ্ছে খাদ্যদফতর ও পুরসভা। পার্ক স্ট্রিট থেকে ডেকার্স লেন—বিভিন্ন এলাকায় তল্লাশিতে মেয়াদোত্তীর্ণ উপকরণ এবং নষ্ট খাবার ব্যবহারের অভিযোগ সামনে এসেছে। এবার সেই নজরদারির আওতায় এল শহরের বড় শপিং মলগুলির ফুড কোর্টও। খাবারের গুণমান এবং স্বাস্থ্যবিধি বজায় রাখার ক্ষেত্রে কোনও ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না—অভিযানের মাধ্যমে সেই বার্তাই দিতে চাইছে প্রশাসন।

Exit mobile version