কলকাতা: গত তিন মাসে তৃতীয়বার। ফের আলিপুর চিড়িয়াখানায় (Alipore Zoo) মৃত্যু হল একটি রয়্যাল বেঙ্গল বাঘিনীর (Royal Bengal Tigress)। বুধবার সকালে একটি সাব-অ্যাডাল্ট বাঘিনীর মৃত্যু হয়েছে। এই তে শুরু করেছে।
চিড়িয়াখানা সূত্রে জানা গিয়েছে, আগামী ফেব্রুয়ারিতে তিন বছর পূর্ণ হওয়ার কথা ছিল ওই বাঘিনীর। অরণ্য ভবন সূত্রের খবর, বাঘিনীটি হেমোপ্রোটোজোয়ান প্যারাসাইটে আক্রান্ত ছিল। গত তিন থেকে চার দিন ধরে অসুস্থ অবস্থায় আলিপুর পশু হাসপাতালে চিকিৎসাধীন ছিল সে। তবে শেষরক্ষা হয়নি। মৃত্যুর পর বাঘিনীর দেহের ময়নাতদন্ত করা হয়েছে এবং প্রকৃত মৃত্যুকারণ জানতে ভিসেরা নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
আরও পড়ুন: আচমকাই মা ক্যান্টিনে হাজির মুখ্যমন্ত্রী
২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে নন্দনকানন চিড়িয়াখানায় জন্ম হয় এই হলুদ-কালো ডোরাকাটা বাঘিনীর। প্রজনন কর্মসূচির আওতায় গত বছরের আগস্ট মাসে তাকে আলিপুর চিড়িয়াখানায় আনা হয়। বয়স হয়েছিল মাত্র ২ বছর ১০ মাস। উঠতি বয়সে বাঘিনীর মৃত্যুতে চিড়িয়াখানার স্বাস্থ্য নজরদারি নিয়েই প্রশ্ন উঠছে।
প্রাণী স্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসক উৎপল দাস জানান, “সাধারণত টিকস থেকেই বাঘ, কুকুর ও বিড়ালদের মধ্যে হেমোপ্রোটোজোয়া প্যারাসাইট সংক্রমণ হয়। রক্তের মাধ্যমে এই সংক্রমণ ছড়ায়। আগেভাগে শনাক্ত করা গেলে এবং সময়মতো চিকিৎসা শুরু হলে এই রোগ সেরে যায়। নিয়মিত রক্ত পরীক্ষা অত্যন্ত জরুরি।” তাঁর এই মন্তব্যের পরই প্রশ্ন উঠছে, বাঘিনীর ক্ষেত্রে নিয়মিত রক্ত পরীক্ষা করা হয়েছিল কি না।
এই বিষয়ে আলিপুর চিড়িয়াখানার অধিকর্তা তৃপ্তি শাহের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে অসুস্থতার কারণেই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ভিসেরা পরীক্ষার রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। কোনও গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। ময়নাতদন্তের পর বাঘিনীর দেহ গড়চুমুকে নিয়ে যাওয়া হয়েছে, সেখানেই শেষকৃত্য সম্পন্ন করা হবে।
উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বর মাসে আলিপুর চিড়িয়াখানায় ২৪ ঘণ্টার মধ্যে দুই বাঘিনী—পায়েল ও রূপার মৃত্যু হয়েছিল। যদিও তারা বার্ধক্যজনিত কারণে মারা গিয়েছিল বলে দাবি করা হয়। তবে এবার অপ্রাপ্তবয়স্ক বাঘিনীর মৃত্যু নতুন করে উদ্বেগ বাড়াল। এই ঘটনার পর আলিপুর চিড়িয়াখানায় রয়্যাল বেঙ্গল বাঘের সংখ্যা কমে দাঁড়াল তিনটিতে, যার মধ্যে বাঘিনী মাত্র একটি।
