ওয়েব ডেস্ক : পশ্চিমবঙ্গ পুলিশে দীর্ঘদিন ধরে থাকা কর্মী সঙ্কট কাটাতে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার জীবন রক্ষা পদক প্রদান অনুষ্ঠানে রাজ্য পুলিশে (West Bengal Police) প্রায় ৪৩ হাজার শূন্যপদের কথা উল্লেখ করে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে নিয়োগের কাজে গতি আনার নির্দেশ দেন তিনি।
মুখ্যমন্ত্রীর বক্তব্য, পর্যাপ্ত পুলিশকর্মীর অভাবে রাজ্যের একাধিক থানা কার্যত সিভিক ভলান্টিয়ারদের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা আরও জোরদার করতে পুলিশের সংখ্যা দ্রুত বাড়ানো প্রয়োজন। তাঁর দাবি, বর্তমানে প্রতি এক লক্ষ মানুষের জন্য রাজ্যে পুলিশকর্মীর সংখ্যা ১০৬ জনের মতো। ভবিষ্যতে সেই অনুপাত অন্তত ২০০-তে নিয়ে যাওয়ার লক্ষ্য সরকারের।
আরও খবর : রক্তদান শিবিরে ‘মেডিক্যাল অফিসার’! পড়ুয়াদের কড়া সতর্কবার্তা ন্যাশনাল মেডিক্যাল কলেজের
পুলিশের (Police) পরিকাঠামোগত দুর্বলতার কথাও এ দিন তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, রাজ্য পুলিশের প্রায় চার হাজার গাড়ি বদলানো প্রয়োজন। একসঙ্গে এত গাড়ি কেনার ক্ষেত্রে আর্থিক চাপ তৈরি হতে পারে বলে ধাপে ধাপে পুরনো গাড়ি সরিয়ে নতুন গাড়ি দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি। বছরে প্রায় এক হাজার করে গাড়ি বদলের পরিকল্পনা রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।পাশাপাশি থানাগুলির পরিকাঠামো উন্নয়ন এবং জরুরি পরিষেবায় পুলিশের দ্রুত পৌঁছনোর উপরও জোর দেওয়া হয়েছে। বিশেষ করে মহিলা থানাগুলিকে আরও শক্তিশালী করে নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধের তদন্তে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পরিকাঠামো নিশ্চিত করার বার্তা দিয়েছেন শুভেন্দু।
সাইবার অপরাধ মোকাবিলায় রাজ্য পুলিশের কাজের প্রশংসাও করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে পুলিশে নিয়োগের ক্ষেত্রে যে আইনি জট ছিল, তা কেটে যাওয়ায় আর দেরি না করে প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেন তিনি। রাজ্য পুলিশের জনবল এবং পরিকাঠামো বাড়াতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করবে বলেও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।
