KolkataTV

সহজ নিয়ম মানলেই বারবার নতুন ফোন কেনার ঝক্কি নেই

ওয়েব ডেস্ক: স্মার্টফোনের দাম (Smart Phone Price) দিন দিন বাড়ছে। নতুন ফোন কিনতে গেলে ১০-১৫ হাজার টাকা খরচ করাও এখন অনেকের বাজেটের বাইরে চলে যাচ্ছে। কিন্তু একটু যত্ন নিলে সেই বাজেট ফোনই পাঁচ-ছ’বছর পর্যন্ত ব্যবহার করা সম্ভব। তার জন্য খুব কঠিন কোনও কৌশল নয়, দৈনন্দিন ব্যবহারে কয়েকটি বিষয়ে সচেতন থাকলেই হবে।

প্রথমেই নজর দিতে হবে ফোনের সফটওয়্যারের দিকে। প্রস্তুতকারক সংস্থা থেকে অপারেটিং সিস্টেম আপডেট এবং সিকিউরিটি প্যাচ এলে তা সময়মতো ইনস্টল করা জরুরি। নিয়মিত আপডেটের ফলে বিভিন্ন সফটওয়্যার সমস্যা ও নিরাপত্তাজনিত দুর্বলতা অনেকটাই কমে। তবে পুরনো বাজেট ফোনে একসঙ্গে অত্যন্ত ভারী অ্যাপ ব্যবহার করলে প্রসেসর এবং র‍্যামের উপর চাপ বাড়তে পারে। তাই সম্ভব হলে অপেক্ষাকৃত হালকা অ্যাপ ব্যবহার করা ভাল।

আরও পড়ুন: আধারে মোবাইল নম্বর বদলাতে আর ছুটতে হবে না আধার কেন্দ্রে! বাড়িতে বসেই নতুন অ্যাপে আপডেট

ফোনের স্টোরেজও খালি রাখা প্রয়োজন। অপ্রয়োজনীয় ছবি, ভিডিয়ো, ডাউনলোড করা ফাইল এবং ব্যবহার না করা অ্যাপ নিয়মিত মুছে ফেলুন। স্টোরেজ একেবারে ভর্তি হয়ে গেলে ফোনের গতি কমে যেতে পারে। প্রয়োজনীয় ছবি বা নথি ক্লাউডে কিংবা অন্য কোনও নিরাপদ জায়গায় ব্যাকআপ করে রাখা যায়।

ব্যাটারির যত্ন নেওয়াও গুরুত্বপূর্ণ। ফোন অতিরিক্ত গরম হতে দেওয়া উচিত নয়। চার্জে বসিয়ে দীর্ঘ সময় ধরে ভারী গেম খেলা বা অত্যধিক চাপের কাজ করলে ব্যাটারির উপর প্রভাব পড়তে পারে। ভাল মানের চার্জার ও কেবল ব্যবহার করাই নিরাপদ।

শারীরিক সুরক্ষার বিষয়টিও ভুললে চলবে না। একটি ভাল কভার এবং স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করলে পড়ে গিয়ে ফোনের বড় ক্ষতির আশঙ্কা কমে। জল, অতিরিক্ত তাপ এবং ধুলো থেকেও ফোনকে যতটা সম্ভব দূরে রাখা উচিত।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, প্রয়োজন ছাড়া নতুন অ্যাপ ইনস্টল না করা এবং সন্দেহজনক লিঙ্কে ক্লিক না করা। নিয়মিত রক্ষণাবেক্ষণ, সীমিত অ্যাপ ব্যবহার এবং ব্যাটারির যত্ন, এই কয়েকটি অভ্যাসই একটি বাজেট স্মার্টফোনের আয়ু অনেকটাই বাড়িয়ে দিতে পারে।

Exit mobile version