KolkataTV

NEET আন্দোলন নিয়ে সংসদে আলোচনার প্রস্তাব অমিত শাহের, বিরোধীদের আলোচনায় বসার আহ্বান

ওয়েব ডেস্ক : NEET পরীক্ষা ঘিরে ছাত্র আন্দোলন এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশের পদক্ষেপ নিয়ে সংসদে আলোচনা চাইলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বুধবার লোকসভার স্পিকার ওম বিড়লাকে (Om Birla) চিঠি দিয়ে বিরোধীদের সঙ্গে আলোচনা করে পর্যাপ্ত সময় বরাদ্দের অনুরোধ করেছেন তিনি। অমিত শাহ জানিয়েছেন, আলোচনার সময় তিনি নিজে সংসদে উপস্থিত থাকবেন এবং বিরোধীদের তোলা প্রতিটি প্রশ্নের উত্তর দেবেন।

চিঠিতে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেছেন, সংসদে আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমেই গণতান্ত্রিক ব্যবস্থায় সমাধানের পথ বেরিয়ে আসে। তাঁর দাবি, NEET আন্দোলন নিয়ে বিস্তারিত আলোচনার জন্য সরকার প্রস্তুত। বিরোধীদের সঙ্গে কথা বলে যতটা সময় প্রয়োজন, সেই অনুযায়ী আলোচনার সময় নির্ধারণের জন্য স্পিকারকে অনুরোধ করেছেন তিনি।

আরও খবর : ভারতীয় নৌবাহিনীর শক্তি বাড়াতে জলে নামল ‘শ্রুতি’, দেশীয় প্রযুক্তিতে বড় সাফল্য জিআরএসই-র

অন্যদিকে, বিরোধীদের বক্তব্য, ছাত্রদের উপর পুলিশের বলপ্রয়োগ এবং আন্দোলন দমনের নির্দেশ কে দিয়েছিল, সেই প্রশ্নের সরাসরি জবাব চান তাঁরা। রাহুল গান্ধী (Rahul Gandhi) অভিযোগ করেন, তাঁরা স্বরাষ্ট্রমন্ত্রীর কোনও ‘লেকচার’ শুনতে আগ্রহী নন। ছাত্রদের বিরুদ্ধে গুলি বা লাঠিচার্জের নির্দেশের দায় কার, সেই বিষয়েই সংসদে জবাবদিহি চান বিরোধীরা। অমিত শাহ পালটা দাবি করেন, সরকার আলোচনার জন্য প্রস্তুত থাকলেও বিরোধীরাই আলোচনা এড়িয়ে যাচ্ছেন।

এই টানাপোড়েনের জেরে বাদল অধিবেশনে একাধিকবার অচলাবস্থা তৈরি হয়েছে। অমিত শাহ জানিয়েছেন, সরকার কোনও বিষয়েই আলোচনায় পিছিয়ে নেই এবং তাদের কিছু লুকোনোর নেই। এখন নজর, বিরোধীরা স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবে সাড়া দিয়ে সংসদে আলোচনায় বসেন কি না।

Exit mobile version