KolkataTV

ডিএ মামলায় ফের বড় নির্দেশ সুপ্রিম কোর্টের, ১৮ অগস্টে গুরুত্বপূর্ণ শুনানি

ওয়েব ডেস্ক : বকেয়া ডিএ (DA) মামলায় ফের গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। বৃহস্পতিবার শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, আদালতের গঠিত মনিটরিং কমিটির রিপোর্ট আগামী দু’দিনের মধ্যে মামলার সঙ্গে যুক্ত প্রত্যেক পক্ষের হাতে পৌঁছে দিতে হবে। সেই রিপোর্টের ভিত্তিতেই ১৮ অগস্টের পরবর্তী শুনানিতে রাজ্যের অবস্থান ও ডিএ সংক্রান্ত রোডম্যাপ নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

ডিএ (DA) বকেয়া মেটানো নিয়ে আগেই রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। আদালত বলেছিল, কর্মীদের প্রাপ্য অর্থ পরিশোধ করতেই হবে। তবে একসঙ্গে পুরো অর্থ দেওয়া সম্ভব কি না এবং কীভাবে ধাপে ধাপে তা মেটানো যেতে পারে, সেই বিষয়গুলি পর্যালোচনার জন্য একটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছিল। ইতিমধ্যেই সেই কমিটি তাদের পর্যবেক্ষণ আদালতে জমা দিয়েছে।

আরও খবর : গ্যাংস্টার আতিক আহমেদের ছেলে আবান আহমেদের মর্মান্তিক মৃত্যু, ঝাঁসিতে পথ দুর্ঘটনায় প্রাণ গেল

বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ এদিন স্পষ্ট করে জানায়, রিপোর্টে ডিএ (DA) পরিশোধের বর্তমান অগ্রগতি, কত টাকা দেওয়া হয়েছে, কতটা এখনও বাকি, আদালতের নির্দেশ কতটা কার্যকর হয়েছে এবং ভবিষ্যতের পরিকল্পনা, সবই উল্লেখ থাকতে হবে। এই রিপোর্টের ডিজিটাল কপি মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে আগামী দু’দিনের মধ্যে দিতে হবে।

মূলত, তৃণমূল সরকারের আমল থেকে মামলা চলছে। বকেয়া ডিএ সম্পূর্ণ মেটানোর কথা তখনই বলেছিল সুপ্রিম কোর্ট। কিন্তু রাজ্য তখন গড়িমসি করে। নতুন বিজেপি সরকার জানিয়েছে, আদালতের নির্দেশ মেনেই বকেয়া ডিএ মেটানো হবে। জানানো হয়েছে, বিপুল আর্থিক দায়ের কারণে এককালীন পুরো বকেয়া ডিএ দেওয়া সম্ভব নয়। তাই চার দফায় ২০২৮ সালের মধ্যে মোট বকেয়া ডিএ-র ৮৫ শতাংশ মিটিয়ে দেওয়ার প্রস্তাব আদালতে জমা দেওয়া হয়েছে। অন্যদিকে, কর্মচারী সংগঠনগুলির অভিযোগ, এখনও বহু কর্মী তাঁদের প্রাপ্য অর্থ পাননি। আগামী ১৮ অগস্টের শুনানিতে এই দুই পক্ষের বক্তব্যের পাশাপাশি মনিটরিং কমিটির রিপোর্টও বিবেচনা করবে সুপ্রিম কোর্ট (Supreme Court)।

১৮ অগস্টের শুনানির আগে ডিএ মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ সুপ্রিম কোর্টের

 

Exit mobile version