KolkataTV

দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব

ওয়েব ডেস্ক: জীবনের নতুন অধ্যায় শুরু করলেন ত্রিপুরার (Tripura) প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি (BJP) সাংসদ বিপ্লব কুমার দেব (Biplab Kumar Deb)। প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের কয়েক বছর পর দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন তিনি। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, মায়ের অনুরোধেই পুনরায় সংসার জীবনে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বিজেপি নেতা।

সূত্রের খবর, বিপ্লব দেবের নতুন জীবনসঙ্গী হায়দরাবাদের বাসিন্দা। যদিও পাত্রীর পরিচয় নিয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ্যে আনা হয়নি। আগামী ২৪ জুন ত্রিপুরার একটি পাঁচতারা হোটেলে নবদম্পতির সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গ দিবসে বিশেষ বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

বেশ কয়েক বছর আগে প্রথম পক্ষের স্ত্রী নীতি দেবের সঙ্গে বিচ্ছেদ হয় বিপ্লব দেবের। সেই সংসারে তাঁর দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পর দীর্ঘদিন তিনি নিজেকে রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত রেখেছিলেন। তবে পরিবারের, বিশেষ করে মায়ের ইচ্ছার প্রতি সম্মান জানিয়েই দ্বিতীয়বার বিয়ের সিদ্ধান্ত নেন বলে জানা গিয়েছে।

ত্রিপুরার ভূমিপুত্র বিপ্লব দেবের রাজনৈতিক উত্থান যথেষ্ট উল্লেখযোগ্য। একসময় দিল্লিতে জিম ট্রেনার হিসেবে কাজ করতেন তিনি। সেখানেই প্রথম স্ত্রী নীতির সঙ্গে তাঁর পরিচয় ও পরবর্তীতে বিয়ে হয়।

পরে বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় তাঁর। দলের বিভিন্ন নেতার সহকারী হিসেবে কাজ করার পর ২০১৬ সালে ত্রিপুরা বিজেপির সভাপতি হন। ২০১৮ সালে ত্রিপুরায় বিজেপির ঐতিহাসিক জয়ের পর মুখ্যমন্ত্রীর দায়িত্ব পান তিনি।

২০২২ সালে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার পর তাঁকে রাজ্যসভায় পাঠায় বিজেপি। পরে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে দলের টিকিটে জয়ী হয়ে সাংসদ হন। রাজনীতির ব্যস্ত জীবনের মাঝেই এবার ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরু করলেন বিপ্লব দেব। তাঁর দ্বিতীয় বিয়ের খবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছার বন্যা বইতে শুরু করেছে রাজনৈতিক মহল ও অনুগামীদের মধ্যে।

Exit mobile version