KolkataTV

গুরগাঁওয়ের ক্রিকেট অ্যাকাডেমিতে মর্মান্তিক দুর্ঘটনা

ওয়েব ডেস্ক : গুরগাঁওয়ের (Gurugram) একটি ক্রিকেট অ্যাকাডেমিতে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল আট বছরের এক শিশুর। খেলতে খেলতে আচমকাই একটি মিনি পিচ রোলারের ধাক্কায় গুরুতর আহত হয় আকাশ কুমার নামে ওই শিশু। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

বিহারের নালন্দার বাসিন্দা আকাশ, তার ভাই নীল এবং আরও কয়েকজন শিশুর সঙ্গে অ্যাকাডেমির চত্বরে খেলছিল। সেখানে দাঁড়িয়ে থাকা মিনি পিচ রোলারটি আচমকাই চলতে শুরু করে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কোনও এক শিশুর হাত লেগে মেশিনটির সার্কিট ব্রেকার সক্রিয় হয়ে যায়।

আরও খবর : ফরিদাবাদে রাখি বন্ধনের দিনে ভয়াবহ দুর্ঘটনা!

সেই সময়ই আকাশ রোলারের সামনে পড়ে যায়। চলন্ত মেশিনের ধাক্কায় গুরুতর আহত হয় সে। দুর্ঘটনার পর আতঙ্কে ঘটনাস্থল থেকে অন্য শিশুরা পালিয়ে যায় বলে জানা গিয়েছে। পরিবারের সদস্যরা দ্রুত একটি গাড়ির ব্যবস্থা করে আকাশকে কাছের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। তবে পরীক্ষা করার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের পর শিশুটির দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

পুলিশের তদন্তে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় পিচ রোলারটির দেখভালের জন্য সেখানে কোনও কর্মী বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি উপস্থিত ছিলেন না। তবে আকাশের পরিবার পুলিশের কাছে কোনও গাফিলতির অভিযোগ করেনি। পরিবারের লিখিত বক্তব্যের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Police)।

Exit mobile version