KolkataTV

‘খাঁটি পেট্রল কি বাবার বাড়ি থেকে আসবে?’ E20 বিতর্কে মন্তব্য করে বিপাকে বিজেপি সাংসদ

ওয়েব ডেস্ক: ইথানল মিশ্রিত পেট্রল নিয়ে বিতর্কের মধ্যেই বেফাঁস মন্তব্য করে নতুন করে চর্চায় বিজেপি (BJP) সাংসদ জনার্দন মিশ্র। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) এই সাংসদের প্রশ্ন, ‘‘খাঁটি পেট্রল কি আপনার বাবার বাড়ি থেকে আসবে?’’ তাঁর এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।

সম্প্রতি এক সভায় কেন্দ্রের ইথানল নীতির পক্ষে সওয়াল করেন জনার্দন। তাঁর দাবি, ভারতের প্রয়োজনীয় তেলের মাত্র ২০ শতাংশ দেশে উৎপাদিত হয়। বাকি ৮০ শতাংশ আমদানি করতে হয়। ফলে বিদেশি তেলের উপর নির্ভরতা কমাতে বিকল্প জ্বালানির উৎপাদন বাড়ানো জরুরি। সেই সূত্রেই পেট্রলে ইথানল মেশানোর নীতিকে সমর্থন করেন তিনি।

আরও খবর : বিদেশি অনুদান নিয়ন্ত্রণে বড় বদল? আগামী সপ্তাহেই লোকসভায় আসছে FCRA সংশোধনী বিল, জবাব দিতে পারেন অমিত শাহ

কেন্দ্রের E20 নীতি নিয়ে অবশ্য ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। অভিযোগ, ২০ শতাংশ ইথানল মেশানো পেট্রল ব্যবহারের ফলে কিছু পুরনো গাড়িতে ইঞ্জিনের কর্মক্ষমতা এবং মাইলেজ নিয়ে সমস্যা দেখা দিতে পারে। সেই বিতর্কের মধ্যেই সমালোচকদের উদ্দেশে জনার্দনের মন্তব্য, দেশে পর্যাপ্ত ‘খাঁটি’ পেট্রল না থাকলে তা আসবে কোথা থেকে?

ইথানলের পক্ষে যুক্তি দিতে গিয়ে ব্রাজিলের উদাহরণও টানেন বিজেপি সাংসদ। তাঁর বক্তব্য, ব্রাজিলে দীর্ঘদিন ধরে ইথানল-ভিত্তিক জ্বালানির ব্যবহার হচ্ছে। ভারতেও বিকল্প জ্বালানির উৎপাদন বাড়ালে আমদানিনির্ভরতা কমানো সম্ভব।

তবে E20 নিয়ে বিতর্কের কেন্দ্রে রয়েছে গাড়ির প্রযুক্তিগত সামঞ্জস্যের প্রশ্ন। নতুন প্রজন্মের বহু গাড়ি E20 জ্বালানি ব্যবহারের উপযোগী হলেও পুরনো গাড়ির ক্ষেত্রে বিষয়টি এক নয়। ফলে ইথানল নীতির সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা অব্যাহত।

এদিকে প্রতিবেদনে দাবি করা হয়েছে, সোমবার দিল্লিতে সাধারণ পেট্রলের দাম ছিল লিটার প্রতি ১০২.১২ টাকা এবং XP95 পেট্রলের দাম ১০৯.২৮ টাকা। ইথানল-বিহীন পেট্রলের যে দাম উল্লেখ করা হয়েছে, তা নিয়ে অবশ্য আলাদা ব্যাখ্যার প্রয়োজন রয়েছে।

Exit mobile version