KolkataTV

এবার উবেরেই ট্রেনের টিকিট! এক অ্যাপেই বুকিং, পিএনআর স্ট্যাটাস থেকে স্টেশনে পৌঁছনোর গাড়িও

ওয়েব ডেস্ক :ক্যাব বুকিংয়ের জন্য পরিচিত উবের (Uber) এবার ভারতে পরিষেবার পরিধি আরও বাড়াল। সংস্থার অ্যাপে এবার থেকে ট্রেনের টিকিটও (Train Ticket) বুক করা যাবে। এজন্য অনলাইন ট্রাভেল সংস্থা আইক্সিগোর (Ixigo) সঙ্গে হাত মিলিয়েছে উবার। ফলে একই অ্যাপ থেকে ট্রেন খোঁজা, টিকিট কাটা এবং পিএনআর-এর অবস্থা দেখার পাশাপাশি স্টেশনে যাওয়া বা স্টেশন থেকে গন্তব্যে পৌঁছনোর জন্য উবেরও বুক করা যাবে।

নতুন ব্যবস্থায় ট্রেনের টিকিট (Train Ticket) কাটার প্রযুক্তিগত পরিষেবা দেবে আইক্সিগো। উবার অ্যাপে ‘বাস অ্যান্ড ট্রেন’ অপশন অথবা ‘সার্ভিসেস’ বিভাগে গিয়ে এই সুবিধা পাওয়া যাবে। সেখানে যাত্রার শুরু ও গন্তব্যের স্টেশন এবং ভ্রমণের তারিখ দিতে হবে। এরপর উপলব্ধ ট্রেনগুলির তালিকা থেকে পছন্দের ট্রেন বেছে নিয়ে অ্যাপের মাধ্যমেই টিকিট বুক করা যাবে।

আরও খবর : সুমিত রায়ের রক্ষাকবচ বহাল রাখল সুপ্রিম কোর্ট, তদন্তের রিপোর্ট দিতে হবে রাজ্যকে

টিকিট বুক হয়ে যাওয়ার পর উবের অ্যাপ থেকেই টিকিটের বিস্তারিত তথ্য এবং পিএনআর স্ট্যাটাস দেখা যাবে। পাশাপাশি ট্রেনে ওঠার আগে স্টেশনে পৌঁছতে কিংবা গন্তব্য স্টেশনে নামার পর নির্দিষ্ট জায়গায় যাওয়ার জন্য আলাদাভাবে উবের গাড়ি বুক করার সুযোগও থাকছে। অর্থাৎ যাত্রার আগে ও পরে পরিবহণের ব্যবস্থাটিও একই প্ল্যাটফর্মে করার লক্ষ্য সংস্থার।

উবের ইন্ডিয়া ও দক্ষিণ এশিয়ার ব্যবসায়িক উন্নয়ন বিভাগের ডিরেক্টর অর্ণব কুমার জানিয়েছেন, ভারতে মানুষের যাতায়াতের ক্ষেত্রে ট্রেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রেনে ওঠার আগের এবং ট্রেন থেকে নামার পরের যাত্রাটিকেও সহজ করার লক্ষ্যেই এই পরিষেবা চালু করা হয়েছে। অন্যদিকে, আইক্সিগোর গ্রুপ সিইও অলোক বাজপেয়ী এবং গ্রুপ কো-সিইও রজনীশ কুমারের বক্তব্য, টিকিট বুকিংয়ের পাশাপাশি বুকিং-পরবর্তী পরিষেবাতেও গুরুত্ব দিচ্ছে সংস্থা। উবের ইতিমধ্যেই ভারতে মটো, অটো, গাড়ি, মেট্রো, আন্তঃশহর গাড়ি এবং বাসের মতো একাধিক পরিষেবা দিচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হল ট্রেন। সংস্থার দাবি, ২০২৫-২৬ অর্থবর্ষে ভারতীয় রেল প্রায় ৭৪১ কোটি যাত্রী বহন করেছে। ফলে বিপুল সংখ্যক রেলযাত্রীকে নিজেদের পরিষেবার আওতায় আনার লক্ষ্যেই এই নতুন উদ্যোগ।

Exit mobile version