KolkataTV

হরমুজে তেল সরবরাহ বন্ধের আশঙ্কা, যুদ্ধের আঁচে ৭০০ পয়েন্টের বেশি পড়ল সেনসেক্স

ওয়েব ডেস্ক : যুদ্ধের উত্তাপ এবার সরাসরি এসে পড়ল শেয়ার বাজারে (Share Market)। আমেরিকা (America) ও ইরানের (Iran) মধ্যে ফের সংঘাত শুরু হওয়ার পরই বুধবার সকালে ভারতীয় বাজারে আতঙ্কের ছবি দেখা যায়। লেনদেন শুরু হতেই সেনসেক্স এক ধাক্কায় ৭০০ পয়েন্টেরও বেশি নেমে যায়। নিফটিরও পতন হয় প্রায় ১ শতাংশ।

তবে দিনের লেনদেন কিছুটা এগোতেই ক্ষতি সামাল দেওয়ার চেষ্টা করে বাজার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেনসেক্স ৫৬৩.৫৭ পয়েন্ট বা ০.৭৩ শতাংশ কমে ৭৬,৩৩৮.৭১-এ রয়েছে। নিফটি ০.৮৫ শতাংশ পড়ে দাঁড়িয়েছে ২৩,৮৫১.৫৫-তে।

আরও খবর : হরিয়ানায় ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৬, আহত ১৪

বাজারের চাপ শুধু কয়েকটি নির্দিষ্ট শেয়ারে সীমাবদ্ধ থাকেনি। গাড়ি ও আর্থিক পরিষেবা সংস্থার একাধিক শেয়ারে বড়সড় বিক্রি হয়েছে। ইচার মোটরস ৪.৫৭ শতাংশ, টাটা মোটরস ৩.৭৩ শতাংশ এবং হুন্ডাই মোটরস ৩.৩৪ শতাংশ নেমেছে। বাজাজ অটো ও শ্রীরাম ফিনান্সও উল্লেখযোগ্যভাবে পড়েছে।

অন্যদিকে এই অস্থির বাজারেও কিছু শেয়ারে দেখা গিয়েছে উল্টো ছবি। কোল ইন্ডিয়া ৪.৬৮ শতাংশ বেড়েছে। টাটা পাওয়ার, আদানি গ্রিন এনার্জি এবং ব্যাঙ্ক অফ বরোদার শেয়ারও লাভের মুখ দেখেছে। অর্থাৎ সামগ্রিক বাজার লাল থাকলেও কয়েকটি এনার্জি ও সংক্রান্ত সংস্থায় বিনিয়োগকারীদের আগ্রহ বজায় রয়েছে।বিশেষজ্ঞদের নজর এখন হরমুজ প্রণালীর দিকে। মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বাড়লে এই গুরুত্বপূর্ণ জলপথে তেল পরিবহণ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আরও চড়তে পারে। ভারতের মতো বড় তেল আমদানিকারক দেশের ক্ষেত্রে এর প্রভাব পড়তে পারে আমদানি খরচ, মূল্যবৃদ্ধি এবং কর্পোরেট ব্যয়ের উপর।

Exit mobile version