KolkataTV

বৃষ্টির তাণ্ডবে উত্তরাখণ্ডে ৭ জনের মৃত্যু, ধস-হড়পা জলে বিপর্যস্ত জনজীবন

ওয়েব ডেস্ক : টানা ভারী বৃষ্টিতে (Rain) ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরাখণ্ডে (Uttarakhand)। মঙ্গলবার প্রবল বৃষ্টির জেরে রাজ্যের একাধিক জায়গায় ধস, বাড়ি ভেঙে পড়া এবং নদীর জল বেড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত অন্তত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। একাধিক গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হওয়ায় স্বাভাবিক জনজীবনও বিপর্যস্ত।

আলমোরা জেলায় বৃষ্টির (Rain) জেরে একটি বাড়ির দেওয়াল ধসে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। পৃথক একটি ঘটনায় বাড়ি ভেঙে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন দুই নেপালি শ্রমিক। ধস ও বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় একের পর এক বিপজ্জনক পরিস্থিতি তৈরি হচ্ছে।

আরও খবর : স্কুলের ছাদ থেকে ঝাঁপ একাদশ শ্রেণির ছাত্রীর, ‘চার ঘণ্টা রোদে দাঁড় করানো হয়েছিল’ অভিযোগ পরিবারের

অন্যদিকে দেরাদুনে (Dehradun ) প্রবল স্রোতে একটি গাড়ি ভেসে যাওয়ার ঘটনা ঘটেছে। দেরাদুন-মুসৌরি সড়কেও একাধিক জায়গায় ধস ও বড় বড় পাথর পড়ায় যান চলাচলে সমস্যা দেখা দিয়েছে। রাতভর বৃষ্টিতে রাস্তার কয়েকটি অংশ আরও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। বৃষ্টির জেরে উত্তরাখণ্ডের বিভিন্ন নদী ও ছোট জলধারার জলস্তর দ্রুত বেড়েছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে নৈনিতাল ও আলমোরা জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলিতে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

পিথোরাগড়েও ভারী বৃষ্টির জেরে একাধিক জায়গায় ধস নেমেছে। কৈলাস-মানস সরোবর সড়ক আটকে যাওয়ায় ব্যাস, চৌদাস ও দারমা উপত্যকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন এবং দুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণ ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

Exit mobile version