KolkataTV

কয়লা পাচার মামলায় বড় পদক্ষেপ, বিনয় মিশ্রকে ধরতে ‘ওপেন ওয়ারেন্ট’ জারির পথে CBI

ওয়েব ডেস্ক : কয়লা পাচার মামলায় অভিযুক্ত বিনয় মিশ্রকে (Vinay mishra) গ্রেফতার করতে এবার বড় পদক্ষেপের পথে সিবিআই (CBI)। সূত্রের খবর, তাঁর বিরুদ্ধে ‘ওপেন ওয়ারেন্ট’ জারির জন্য দিল্লির সিবিআই আদালতে আবেদন জানিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই আবেদনে আদালত সম্মতি দিয়েছে বলে জানা গিয়েছে। ফলে বিনয় মিশ্রকে গ্রেপ্তারের ক্ষেত্রে তদন্তকারীদের সামনে নতুন আইনি পথ খুলতে চলেছে।

এর আগে বিনয় মিশ্রের বিরুদ্ধে (Vinay mishra) একাধিকবার গ্রেফতারি পরোয়ানা এবং লুকআউট নোটিস জারি করেছিল সিবিআই। কিন্তু তাঁকে দেশে ফেরানো বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তদন্তকারীদের দাবি, মামলায় নাম জড়ানোর পরই বিদেশে চলে যান বিনয়। ভানুয়াতুর পাসপোর্ট ব্যবহার করে তিনি দুবাই ও লন্ডনে যাতায়াত করেছেন বলে তদন্তকারীরা জানতে পেরেছেন বলে সূত্রের খবর। ভানুয়াতুর সঙ্গে ভারতের প্রত্যর্পণ চুক্তি না থাকায় তাঁকে দেশে ফিরিয়ে আনা সিবিআইয়ের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

আরও খবর : বারাণসী বিমানবন্দরে আচমকা গুলি, যাত্রীর বন্দুক থেকে গুলিতে আহত ৪

এই পরিস্থিতিতেই ‘ওপেন ওয়ারেন্ট’-এর পথে হাঁটার সিদ্ধান্ত নেয় সিবিআই। তদন্তকারীদের বক্তব্য, বিনয় মিশ্র বিদেশে যাতায়াত করায় তাঁকে নির্দিষ্ট জায়গায় চিহ্নিত করে গ্রেফতার করা কঠিন। তাই এমন আইনি ব্যবস্থা চাওয়া হয়েছে, যার মাধ্যমে তাঁকে যেখানেই পাওয়া যাবে, সেখানেই গ্রেফতারের মতো পদক্ষেপ করা সম্ভব হবে। সম্প্রতি দিল্লির সিবিআই আদালতে এই আবেদন জানানো হয়। শুনানির সময় তদন্তকারী আধিকারিকও ভারচুয়ালি উপস্থিত ছিলেন বলে সূত্রের খবর। সেখানেই বিনয় মিশ্রকে ধরতে ‘ওপেন ওয়ারেন্ট’ জারির জন্য সম্মতি দিয়েছে আদালত।

Exit mobile version