ওয়েব ডেস্ক : জোম্যাটোর (Zomato) কাস্টমার সাপোর্ট বিভাগে বড়সড় রদবদল। হায়দরাবাদে থাকা কাস্টমার সাপোর্ট সেন্টার বন্ধ করার সিদ্ধান্ত নিল এই ফুড ডেলিভারি সংস্থা। এর জেরে প্রায় ২৫০ জন কর্মী চাকরি হারাতে পারেন বলে রিপোর্টে দাবি করা হয়েছে।
জানা গিয়েছে, গত কয়েক মাস ধরেই গ্রাহক পরিষেবার কাঠামোয় পরিবর্তন আনছে জোম্যাটো। এখন কাস্টমার সাপোর্টের একটি বড় অংশ তৃতীয় পক্ষের সংস্থার মাধ্যমে পরিচালিত হচ্ছে। সেই ব্যবস্থাকেই আরও বাড়ানো হচ্ছে বলে জানা গিয়েছে। জানা যাচ্ছে, হায়দরাবাদের কাজ গুটিয়ে বাকি ইন-হাউস কাস্টমার সাপোর্ট অপারেশন গুরুগ্রামে একত্রিত করা হবে। অর্থাৎ একাধিক জায়গায় কাজ না চালিয়ে একটি কেন্দ্রীয় টিমের মাধ্যমে পরিষেবা পরিচালনার পরিকল্পনা নিয়েছে সংস্থা।
আরও খবর : সিন্ধু জলচুক্তি নিয়ে ভারতের কড়া অবস্থান, আন্তর্জাতিক সালিশি আদালতের নির্দেশ প্রত্যাখ্যান নয়াদিল্লির
এই সিদ্ধান্তের ফলে শুধু কর্মী ছাঁটাই নয়, জোম্যাটোর (Zomato) পরিষেবা ব্যবস্থাতেও বদল আসতে চলেছে। বিশেষ করে বাইরের পার্টনারদের উপর নির্ভরতা বাড়ায় গ্রাহকদের অভিযোগ বা সমস্যার সমাধানের পদ্ধতিতেও ভবিষ্যতে পরিবর্তন দেখা যেতে পারে।
জোম্যাটোর এই পদক্ষেপের পিছনে অপারেশনাল দক্ষতা বাড়ানো এবং নতুন কাস্টমার সাপোর্ট মডেলকে কার্যকর করার বিষয়টিই সামনে এসেছে। একই সময়ে প্রযুক্তি ও অটোমেশনের ব্যবহারও সংস্থার কাস্টমার সাপোর্ট ব্যবস্থায় বাড়ছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
