KolkataTV

কেকেআরের পোস্টে হার্দিক পান্ডিয়া! মুম্বই ছেড়ে কলকাতায় আসছেন অলরাউন্ডার?

ওয়েব ডেস্ক : আইপিএল ২০২৭-এর আগে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) ঘিরে ট্রেড জল্পনা নতুন মাত্রা পেল। কলকাতা নাইট রাইডার্সের (KKR) সোশ্যাল মিডিয়া পোস্টে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ককে দেখা যাওয়ার পরই শুরু হয়েছে নতুন আলোচনা। ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সে বরুণ চক্রবর্তীর সঙ্গে হার্দিকের দেখা হওয়ার একটি ভিডিয়ো প্রকাশ করেছে কেকেআর। সঙ্গে ইঙ্গিতপূর্ণ ক্যাপশন, ‘অপেক্ষা করুন।’

কেকেআরের প্রকাশ করা ভিডিয়োতে দেখা যায়, অনুশীলনের সময় বরুণ চক্রবর্তীর (VarunChakravarthy) পিছন দিয়ে হেঁটে যাচ্ছেন হার্দিক। পরে দু’জনের মধ্যে অল্প সময় কথাও হয়। ঘটনাটি স্বাভাবিক হলেও কেকেআর সমর্থকদের নজর কেড়েছে ভিডিয়োটি। কারণ, বেশ কিছুদিন ধরেই মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে হার্দিকের অন্য কোনও দলে যাওয়ার সম্ভাবনা নিয়ে জল্পনা চলছে।

আরও খবর : পিতৃশোকের মধ্যে ফুটবলেই ফিরলেন মেসি, অবসরের জল্পনায় আপাতত ইতি

হার্দিককে (Hardik Pandya) নিয়ে ট্রেডের বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কেকেআর ছাড়াও চেন্নাই সুপার কিংস, লখনউ সুপার জায়ান্টস এবং রাজস্থান রয়্যালসের নাম সম্ভাব্য গন্তব্য হিসেবে উঠে এসেছে। তবে মুম্বই ইন্ডিয়ান্সের অন্দরমহল থেকে হার্দিককে ধরে রাখার সম্ভাবনার কথাও জানা গিয়েছে। ফলে গোটা বিষয়টি এখনও জল্পনার পর্যায়েই রয়েছে।

 

কেকেআরের সঙ্গে হার্দিকের নাম জড়ানোর পিছনে অন্যতম কারণ নেতৃত্বের প্রশ্ন। অজিঙ্ক রাহানের অবসরের পর আগামী মরশুমে কেকেআরের (KKR) অধিনায়ক কে হবেন, তা এখনও স্পষ্ট নয়। গুজরাট টাইটানসকে ২০২২ সালে আইপিএল চ্যাম্পিয়ন করার পাশাপাশি ২০২৩ সালে ফাইনালে তুলেছিলেন হার্দিক। তাই অভিজ্ঞ অধিনায়ক হিসেবে তাঁকে নিয়ে কেকেআরের সমর্থকদের আগ্রহ তৈরি হয়েছে। তবে হার্দিকের সঙ্গে কোনও ক্রিকেটারকে ট্রেড করা হবে, নাকি স্রেফ ক্যাশ ডিল হবে তা এখনও স্পষ্ট নয়।

Exit mobile version