HomeScroll৩২ কোটিতে বিক্রি মারাদোনার ‘হ্যান্ড অফ গড’ বল, নিলামে মিলল না প্রত্যাশিত...
Diego Maradona

৩২ কোটিতে বিক্রি মারাদোনার ‘হ্যান্ড অফ গড’ বল, নিলামে মিলল না প্রত্যাশিত দাম

১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে বিতর্কিত গোলের সাক্ষী সেই বল কিনতে উঠেছিল বিপুল দর, কিন্তু ১ কোটি ডলারের লক্ষ্যমাত্রা থেকে অনেকটাই পিছিয়ে রইল নিলাম

ওয়েব ডেস্ক : ফুটবল ইতিহাসের পাতায় ১৯৮৬ বিশ্বকাপের আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের জায়গা আলাদা। একদিকে দিয়েগো মারাদোনার (Diego Maradona) বিতর্কিত ‘হ্যান্ড অফ গড’ গোল (Hand of God goal), অন্যদিকে একই ম্যাচে তাঁর অবিশ্বাস্য একক প্রচেষ্টায় করা গোল। সেই ঐতিহাসিক ম্যাচে ব্যবহৃত বল এবার নিলামে উঠতেই তৈরি হয়েছিল ব্যাপক আগ্রহ। তবে প্রত্যাশার তুলনায় অনেক কম দামেই শেষ পর্যন্ত বিক্রি হল বলটি।

টেক্সাসের হেরিটেজ অকশনসের মাধ্যমে নিলামে ওঠে অ্যাডিডাস আজতেকা মডেলের সেই বল। নিলাম সংস্থা আশা করেছিল, ফুটবল ইতিহাসের এই স্মারকটির দাম ১ কোটি ডলার পর্যন্ত পৌঁছতে পারে। কিন্তু শেষ পর্যন্ত ৩৩ লক্ষ ৫৫ হাজার ডলারে থেমে যায় দর। ভারতীয় মুদ্রায় যা ৩২ কোটি ৬১ লক্ষ টাকা।

আরও খবর : জুরেলের শতরান, পন্থের রেকর্ডে শ্রীলঙ্কার বিরুদ্ধে দাপট ভারতের

উল্লেখ্য, ১৯৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা (Argentina)। ম্যাচের ৫১ মিনিটে পিটার শিলটনের মাথার উপর দিয়ে হাতের সাহায্যে বল জালে পাঠান মারাদোনা। রেফারি আলি বিন নাসের ঘটনাটি স্পষ্টভাবে দেখতে না পাওয়ায় গোলটি দিয়ে দেন। পরে ওই গোল নিয়েই তৈরি হয় ‘হ্যান্ড অফ গড’-এর কিংবদন্তি। তবে বিতর্কের কয়েক মিনিট পরেই মারাদোনা আরও একটি গোল করেন, যা পরবর্তীকালে ফিফার বিচারে ‘গোল অফ দ্য সেঞ্চুরি’ হিসেবে স্বীকৃতি পায়।

ম্যাচ শেষ হওয়ার পর বলটি নিজের কাছে রেখে দেন রেফারি আলি বিন নাসের। বহু বছর তাঁর সংগ্রহে থাকার পর ২০২২ সালে প্রথমবার সেটি নিলামে ওঠে এবং ২৩ লক্ষ ৭০ হাজার ডলারে বিক্রি হয়। পরের বছর আবার নিলামে তোলা হলেও প্রত্যাশিত দর না ওঠায় বিক্রি হয়নি। এবার ফের নিলামে এনে ৩৩ লক্ষ ৫৫ হাজার ডলারে বিক্রি করল হেরিটেজ অকশনস। মারাদোনার সেই ম্যাচের স্মারক হিসেবে জার্সির দাম অবশ্য অনেক বেশি উঠেছিল। ২০২২ সালে তাঁর পরা জার্সি প্রায় ৯০ কোটি টাকায় বিক্রি হয়েছিল। ফলে একই ম্যাচের সঙ্গে যুক্ত বল ও জার্সির দামের মধ্যে বড় পার্থক্য দেখা গেল।

[youtube-feed feed=1]
Read More

Latest News