KolkataTV

শ্রীলঙ্কা সিরিজের আগে বড় ধাক্কা, চোটের কারণে প্রস্তুতি ম্যাচে নেই শুভমন গিল

ওয়েব ডেস্ক : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World test championship) ফাইনালের দৌড়ে টিকে থাকতে শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজ ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সিরিজ শুরুর আগেই চিন্তায় ভারতীয় দল। প্রস্তুতি ম্যাচে চোটের কারণে মাঠে নামতে পারলেন না অধিনায়ক শুভমন গিল (Shubman Gill)। শুক্রবার থেকে শ্রীলঙ্কা একাদশের বিরুদ্ধে শুরু হওয়া ম্যাচে তাঁর অনুপস্থিতিতে নেতৃত্ব দিচ্ছেন সহ-অধিনায়ক কেএল রাহুল।

বৃহস্পতিবার অনুশীলনের সময় ব্যাটিং করতে গিয়ে ডান হাতের বুড়ো আঙুলে আঘাত পান গিল (Shubman Gill)। যদিও প্রাথমিক চিকিৎসার পর তিনি ফের অনুশীলনে ফিরেছিলেন। তবে এর আগে ঘাড়ের সমস্যাতেও ভুগছিলেন ভারত অধিনায়ক। কোনও ঝুঁকি না নিয়ে প্রস্তুতি ম্যাচে তাঁকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। বিসিসিআই জানিয়েছে, মেডিক্যাল টিম তাঁর পরিস্থিতির উপর নজর রাখছে।

আরও খবর : অনুশীলনেই চোট! শুভমন গিলকে ঘিরে বাড়ল উদ্বেগ

এদিকে, প্রস্তুতি ম্যাচের শুরুতেই সমস্যায় পড়েছে ভারতীয় বোলিং। প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা একাদশের দুই ওপেনার রাবিন্দু রসান্থা এবং নিশান মধুশকা আগ্রাসী ব্যাটিং শুরু করেন। মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণদের বিরুদ্ধে একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে দ্রুত রান তুলতে থাকেন তাঁরা। পরে স্পিনাররা আক্রমণে এলেও বিশেষ সুবিধা করতে পারেনি ভারতীয় দল।

উল্লেখ্য, আগামী ১৫ অগস্ট গলে শুরু হবে ভারত-শ্রীলঙ্কা প্রথম টেস্ট। এরপর ২৩ অগস্ট কলম্বোয় হবে দ্বিতীয় টেস্ট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ এই সিরিজে শ্রীলঙ্কার বিরুদ্ধে কঠিন লড়াই অপেক্ষা করছে শুভমন গিলদের জন্য। সিরিজ শুরুর আগেই অধিনায়কের চোট ভারতীয় শিবিরে নতুন উদ্বেগ তৈরি করেছে।

Exit mobile version