KolkataTV

আউট হয়েই শ্রীলঙ্কার পেসারের সঙ্গে তর্কে যশস্বী! মাঠের ঘটনায় বড় শাস্তির আশঙ্কা

ওয়েব ডেস্ক : শ্রীলঙ্কার (Srilanka) বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই বিতর্কে জড়ালেন ভারতের ওপেনার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। ৪৫ রানে আউট হওয়ার পর শ্রীলঙ্কার পেসার আসিথা ফার্নান্ডোর সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন তিনি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে দুই ক্রিকেটার প্রায় মুখোমুখি চলে আসেন।

ঘটনাটি ঘটে প্রথম সেশনে। যশস্বীকে (Yashasvi Jaiswal) ৪৫ রানে আউট করেন ফার্নান্ডো। এরপর ড্রেসিংরুমের দিকে হাঁটতে শুরু করলেও আচমকাই ফিরে আসেন ভারতীয় ওপেনার। ফার্নান্ডো তখন সতীর্থদের সঙ্গে উইকেট উদ্‌যাপন করছিলেন। এরপর দু’জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এবং পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। দু’জনকে মুখোমুখি এগিয়ে যেতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অন্য শ্রীলঙ্কার ক্রিকেটার এবং মাঠের আম্পায়াররা হস্তক্ষেপ করেন। ভারতের আর এক ব্যাটার দেবদত্ত পাড়িক্কলও যশস্বীকে ড্রেসিংরুমে ফিরে যাওয়ার জন্য বোঝানোর চেষ্টা করেন। তবে উত্তেজিত যশস্বী তখনও ফার্নান্ডোর দিকে এগিয়ে যাচ্ছিলেন।

আরও খবর : ডুরান্ড ফাইনালে কলকাতা ডার্বি, যুবভারতীতে থাকবেন মুখ্যমন্ত্রী ও রাজনাথ সিং

ঘটনাটি নিয়ে আরও বড় আশঙ্কা তৈরি হয়েছে যশস্বীর (Yashasvi Jaiswal) বিরুদ্ধে সম্ভাব্য শাস্তিকে ঘিরে। ফার্নান্ডোর সঙ্গে উত্তেজনার সময় যশস্বী মাথা দিয়ে তাঁকে স্পর্শ করেছিলেন বলে মনে করা হচ্ছে। বিষয়টি যদি গুরুতর আচরণবিধি লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়, তাহলে কড়া শাস্তির মুখে পড়তে পারেন ভারতীয় ব্যাটার।

লেভেল ৪-এর অপরাধ প্রমাণিত হলে পাঁচটি টেস্ট, ১০টি একদিনের ম্যাচের নিষেধাজ্ঞা, এমনকি আজীবন নির্বাসনের মতো শাস্তিও হতে পারে। তবে এখনও যশস্বীর বিরুদ্ধে এমন কোনও শাস্তি নিশ্চিত হয়নি। ম্যাচ আধিকারিকদের রিপোর্ট এবং পরবর্তী সিদ্ধান্তের উপরই নির্ভর করছে পুরো বিষয়টি। এর আগে ২০২২ সালের দলীপ ট্রফিতেও মাঠে উত্তপ্ত পরিস্থিতিতে জড়িয়েছিলেন যশস্বী। দক্ষিণাঞ্চলের রবি তেজার সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ডা হয়েছিল। সেই সময় পশ্চিমাঞ্চলের অধিনায়ক অজিঙ্কে রাহানে হস্তক্ষেপ করে পরিস্থিতি সামাল দিয়েছিলেন।

Exit mobile version