KolkataTV

যানজট ও জবরদখল রুখতে রঘুনাথগঞ্জে প্রশাসনের কড়া অভিযান

মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের (Murshidabad) ব্যস্ত বাণিজ্যকেন্দ্র রঘুনাথগঞ্জে (Raghunathgunge) দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ করল প্রশাসন। শহরের প্রধান রাস্তাগুলি যানজটমুক্ত করতে এবং সরকারি জায়গা থেকে বেআইনি দখল সরাতে বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয় বিশেষ সাফাই ও উচ্ছেদ অভিযান।

দাদাঠাকুর ট্রাফিক মোড়, ফুলতলা মোড়, সদরঘাটগামী রাস্তা এবং ১২ নম্বর জাতীয় সড়ক থেকে লালগোলার সংযোগপথ, একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় চলে এই অভিযান। রাস্তায় অবৈধ পার্কিং, ফুটপাত দখল করে তৈরি হওয়া অস্থায়ী দোকান এবং সরকারি জায়গা জবরদখল করে গড়ে ওঠা কাঠামো সরিয়ে দেয় প্রশাসন। বহু দোকান রাস্তার উপর পর্যন্ত বাড়িয়ে দেওয়ায় যান চলাচলে সমস্যা হচ্ছিল বলে অভিযোগ। এদিন সেই বেআইনি অংশও ভেঙে ফেলা হয়।

আরও পড়ুন: ভুয়ো জব কার্ড থেকে নদী সংস্কারে কাটমানি! কোটি টাকার দুর্নীতির অভিযোগে তোলপাড় কাটোয়ার করুই পঞ্চায়েত

বিশেষ করে টোটো ও ছোট গাড়ির অনিয়ন্ত্রিত পার্কিংয়ের কারণে রঘুনাথগঞ্জের একাধিক মোড়ে নিত্যদিন তীব্র যানজট তৈরি হচ্ছিল। প্রশাসনের তরফে নির্দিষ্ট পার্কিং জোন মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে চালকদের। ব্যবসায়ীদেরও সতর্ক করে জানানো হয়েছে, ভবিষ্যতে ফের ফুটপাত বা সরকারি জায়গা দখল করলে জরিমানা ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রশাসনের দাবি, শহরের সৌন্দর্য রক্ষা ও সাধারণ মানুষের স্বাভাবিক যাতায়াত নিশ্চিত করতেই এই পদক্ষেপ। অভিযানে একদিকে যেমন চাঞ্চল্য ছড়িয়েছে দখলদারদের মধ্যে, অন্যদিকে তেমনই স্বস্তির মুখ দেখছেন সাধারণ মানুষ। স্থানীয়দের আশা, এই অভিযানের ফলে রঘুনাথগঞ্জের দীর্ঘদিনের যানজট সমস্যার কিছুটা হলেও সমাধান হবে।

Exit mobile version