KolkataTV

রোলার চালিয়ে ২ লক্ষ ফেনসিডিল ধ্বংস শুভেন্দুর, নেশামুক্ত বাংলা গড়ার কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

ওয়েব ডেস্ক : মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার বালুরঘাট সফরে গিয়ে মাদকবিরোধী কড়া বার্তা দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার বালুরঘাট (Balurghat) পুলিশ সুপারের দফতরের সামনে নিজেই রোড রোলার চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ ফেনসিডিল ও নেশাজাতীয় সিরাপ ধ্বংস করেন তিনি। অনুষ্ঠানে তাঁর সঙ্গে ছিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।

মুখ্যমন্ত্রীর দাবি, দক্ষিণ দিনাজপুরে গত কয়েক মাসে মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। বিশেষ করে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশের সঙ্গে বিএসএফের সমন্বয় বাড়িয়ে যৌথ অভিযান চালানো হয়েছে বলেও জানান তিনি। সেই অভিযানের ফলেই বিপুল পরিমাণ নেশাজাতীয় সামগ্রী উদ্ধার করা সম্ভব হয়েছে।

আরও খবর : টানা বৃষ্টিতে দার্জিলিংয়ে লোকো শেডের ছাদ ভেঙে বিপত্তি, জখম ৭

শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, উদ্ধার হওয়া এই বিপুল নিষিদ্ধ সিরাপ বাংলাদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল। তবে সীমান্ত পেরনোর আগেই পুলিশের অভিযানে সেই পরিকল্পনা ভেস্তে যায়। জেলা পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের অভিযানের জন্য ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী।

এদিন নেশামুক্ত বাংলা গড়ার ডাকও দেন তিনি। তাঁর স্পষ্ট বার্তা, রাজ্যের কোথাও মাদক উদ্ধার হলে তা ধ্বংস করা হবে। পাশাপাশি এই কারবারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। মাদক ব্যবসায় জড়িতদের দীর্ঘদিন জেলে থাকতে হবে বলেও সতর্ক করেন তিনি।

Exit mobile version