ওয়েব ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনকে (PM Narendra Modi Birthday) সামনে রেখে বাংলায় বড়সড় জনসংযোগ কর্মসূচি নিতে চলেছে বিজেপি (BJP)। ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন। সেই উপলক্ষে সেপ্টেম্বর-অক্টোবর জুড়ে ‘সেবা সংকল্প অভিযান’ চালানোর পরিকল্পনা করেছে গেরুয়া শিবির। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম মোদির জন্মদিনকে কেন্দ্র করে দল ও সরকারকে একসঙ্গে মাঠে নামানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
এই অভিযানে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে যুব ও মহিলা সমাজকে। বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগের পাশাপাশি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে মতবিনিময়ের পরিকল্পনা রয়েছে। বিজেপির তরফে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের কথা সাধারণ মানুষের কাছে তুলে ধরার উদ্যোগও নেওয়া হবে। অভিযানের অন্যতম আকর্ষণ হতে চলেছে ‘আশীর্বাদ কা দিয়া’। দলীয় পরিকল্পনা অনুযায়ী, ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় বুথ সদস্যরা বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের বাড়িতে গিয়ে প্রদীপ জ্বালানোর আমন্ত্রণ জানাবেন। এই প্রদীপকে মোদির দীর্ঘদিনের জনসেবার প্রতি কৃতজ্ঞতা এবং ‘বিকশিত ভারত ২০৪৭’-এর সংকল্পের প্রতীক হিসেবে তুলে ধরতে চাইছে বিজেপি।
আরও খবর : বৃষ্টির ধাক্কায় নিউ ফরাক্কায় বসে গেল রেললাইনের মাটি, থমকে উত্তরবঙ্গের একাধিক ট্রেন
শুধু বাড়ি বাড়ি প্রচার নয়, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়েও একাধিক কর্মসূচির পরিকল্পনা রয়েছে। অঙ্কন ও বক্তৃতা প্রতিযোগিতা, পথনাটক এবং জনসচেতনতামূলক প্রচারের মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে পৌঁছনোর চেষ্টা হবে। পাশাপাশি ‘সেবা সেতু’ শিবিরের মাধ্যমে যোগ্য নাগরিকদের বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধার সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়ার কথাও জানানো হয়েছে।
এছাড়াও পদযাত্রা, বাইক র্যালি, স্বাস্থ্য পরীক্ষা, রক্তদান, বৃক্ষরোপণ এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে বিশেষ কর্মসূচির পরিকল্পনা রয়েছে। গোটা অভিযানের দায়িত্বে রয়েছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়।







