KolkataTV

বসিরহাটে তরুণ চিকিৎসকই বাজি বিজেপির! সীমান্ত সুরক্ষা থেকে উন্নয়ন, ছাব্বিশের ভোটে বড় প্রতিশ্রুতি

উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) বসিরহাট (Basirhut) দক্ষিণ বিধানসভা কেন্দ্রে এবার নতুন মুখে ভরসা রাখল বিজেপি (BJP)। সঙ্ঘ পরিবার থেকে উঠে আসা ৪২ বছর বয়সী তরুণ চিকিৎসক সৌর্য্য ব্যানার্জিকে প্রার্থী করেছে দল। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরই তিনি সব সম্প্রদায়ের মানুষের কাছে ভোটের আবেদন জানিয়েছেন। তাঁর কথায়, বসিরহাটের উন্নয়ন গত ১৫০ বছরে সেভাবে হয়নি, এবং বামফ্রন্ট, কংগ্রেস ও তৃণমূল, সব দলকেই এই ব্যর্থতার জন্য দায়ী করেছেন তিনি।

বসিরহাট সীমান্তবর্তী এলাকা হওয়ায় নিরাপত্তা ইস্যুকেই সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন সৌর্য্য। তিনি দাবি করেছেন, নির্বাচনে জিতলে তাঁর প্রথম কাজ হবে সীমান্তে কাঁটাতারের বেড়া সম্পূর্ণ করা এবং অবৈধ অনুপ্রবেশ রোধ করা। পাশাপাশি ভুয়ো ও মৃত ভোটারের নাম বাদ যাওয়ার বিষয়টিকেও তিনি স্বাগত জানিয়েছেন।

আরও পড়ুন: কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু অর্জুন সিং-এর

শুধু নিরাপত্তা নয়, সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যার দিকেও নজর দিয়েছেন বিজেপি প্রার্থী। তিনি জানিয়েছেন, “পানীয় জলের সমস্যা সমাধান, সরকারি প্রকল্পের সঠিক সুবিধা পৌঁছে দেওয়া, দুর্নীতি ও রাহাজানি বন্ধ করা, এই সবই তাঁর অগ্রাধিকারের তালিকায় থাকবে।”

সৌর্য্য ব্যানার্জি আরও বলেন, ২০১৫ সালে এই কেন্দ্র থেকে বিজেপির জয় হয়েছিল, এবং এবারও ২০২৬-এর নির্বাচনে প্রায় ২০ হাজার ভোটে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। তাঁর দাবি, এলাকার মানুষ পরিবর্তনের অপেক্ষায় রয়েছে এবং বিজেপিকেই ভোট দিতে প্রস্তুত।

Exit mobile version