KolkataTV

স্বাধীনতা দিবসে বনগাঁ-বসিরহাট সীমান্তে সম্প্রীতির ছবি, বিজিবিকে মিষ্টি বিএসএফের

ওয়েব ডেস্ক : দেশের ৮০তম স্বাধীনতা দিবসে (Independence Day) উত্তর ২৪ পরগনার বনগাঁ ও বসিরহাট সীমান্তে ফুটে উঠল সৌহার্দ্যের ছবি। পেট্রাপোল ও ঘোজাডাঙা সীমান্তে বিএসএফ (BSF) এবং বাংলাদেশের বিজিবি (BGB) জওয়ানদের মধ্যে মিষ্টি বিনিময়ের মাধ্যমে পালিত হল বিশেষ দিনটি। সীমান্তে নিরাপত্তা ও নজরদারি বজায় থাকার মধ্যেই দুই বাহিনীর এই সৌজন্য বিনিময় নজর কেড়েছে।

ঘোজাডাঙা সীমান্তে বিএসএফ ক্যাম্পে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। স্থানীয় স্কুলের পড়ুয়া, সীমান্তের ব্যবসায়ী এবং জনপ্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে ১০২ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ আধিকারিকরা সীমান্তে কর্তব্যরত বিজিবি জওয়ানদের মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানান। দুই দেশের জওয়ানদের মধ্যে করমর্দন ও আলিঙ্গনের দৃশ্যও দেখা যায়।

আরও খবর : নিম্নচাপ সরে কমবে বৃষ্টি, শনিবারও একাধিক জেলায় ভারী বর্ষণের সতর্কতা

পেট্রাপোল সীমান্তেও স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৭৮ নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করেন ব্যাটালিয়নের সেকেন্ড-ইন-কমান্ড শৈলেন্দ্র সিং। এরপর বিএসএফের (BSF) পক্ষ থেকে সীমান্তের বিজিবি (BGB) সদস্যদের মিষ্টি দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানো হয়।

দুই সীমান্তেই বিএসএফ ও বিজিবির সৌজন্য বিনিময়কে ঘিরে উৎসাহ দেখা যায় স্থানীয়দের মধ্যে। কড়া নিরাপত্তার আবহেও দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে সৌহার্দ্যের এই মুহূর্ত সাধারণ মানুষের নজর কাড়ে। স্বাধীনতা দিবসের দিনে সীমান্তে মিষ্টি বিনিময়ের এই ছবি ভারত-বাংলাদেশের মধ্যে সম্প্রীতি ও সৌজন্যের বার্তা বহন করেছে।

Exit mobile version