KolkataTV

ডিসি-আরসি সেন্টারে ইভিএম বদল হয়েছে, অভিযোগ বিজেপি প্রার্থী’র

ওয়েব ডেস্ক : বাংলায় শেষ হয়েছে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026)। বুধবার ছিল ভোটের শেষ দফা। এর অপেক্ষা ফলাফলের। তা প্রকাশ হবে আগামী ৪ মে। ভোট শেষ হওয়ার পর ডিসি-আরসি সেন্টারে রাখা ইভিএম (EVM) বদলে নেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এমনই অভিযোগ করা হয়েছে বিজেপির (BJP) তরফে।

মূলত, শেষ দফার জন্য বেতাই পলিটেকনিক কলেজে তৈরি করা হয়েছিল পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রের ডিসি-আরসি সেন্টার। বিজেপির (BJP) অভিযোগ, ভোট শেষে ওই সেন্টারেই ইভিএম ও ভিভিপ্যাট মেশিনগুলি রাখা হয়েছিল। বৃহস্পতিবার সকালে সেখান থেকে ইভিএম ও ভিভিপ্যাট মেশিন বেতাই ডঃ বি. আর. আম্বেদকর কলেজের স্ট্রং রুমে স্থানান্তর করা হয়। সেই সময় দেখা যায়, অস্থায়ী প্যান্ডেলের পিছনে ত্রিপল ও কাপড় ছেঁড়া অবস্থায় পড়ে রয়েছে।

আরও খবর : ‘সিংঘম’-এর নজরদারিতেই ইভিএমে কারচুপির অভিযোগ! দক্ষিণ ২৪ পরগনার ৭৭ বুথে পুনর্নির্বাচন চেয়ে সরব বিরোধী শিবির

বিজেপি প্রার্থী ও দলের নেতৃত্বের অভিযোগ, রাতের অন্ধকারে ওই ত্রিপল কেটে ইভিএম (EVM) বদল করা হয়েছে। শাসক দলের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন তারা। তাদের দাবি, আসন্ন ফলাফলে বিজেপি (BJP) এগিয়ে থাকতে পারে এই আশঙ্কায় পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে বলেও তারা জানান।

যদিও এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের (Election Commission) পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি। প্রাথমিকভাবে জানা গিয়েছে, রাতের ঝড়-বৃষ্টির কারণে ত্রিপল ছিঁড়ে যেতে পারে। ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।

দেখুন অন্য খবর :

Exit mobile version