KolkataTV

ভয়াবহ আগুন হলদিয়া পেট্রোকেমিক্যালে, বন্ধ ট্রেন চলাচল! ঝলসে গেলেন ৩৫জন

হলদিয়া: ভোররাতের ভয়াবহ অগ্নিকাণ্ডের পরও এখনও নিয়ন্ত্রণে আসেনি হলদিয়া (Haldia) পেট্রোকেমিক্যালসের আগুন (Haldia Petrochemicals Fire)। মঙ্গলবার সকালে দাউদাউ করে জ্বলতে থাকা আগুন নেভাতে দমকলের একাধিক ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালিয়ে যাচ্ছে। আগুনের জেরে হলদিয়া-পাঁশকুড়া রেলপথে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। এর ফলে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার নিত্যযাত্রী।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ন্যাপথা বহনকারী পাইপলাইনে আগুন লাগার পর মুহূর্তের মধ্যে তা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনায় অন্তত ২২ জন অগ্নিদগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে ছয় জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য কলকাতায় স্থানান্তরের ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশের পদক্ষেপ, হুমায়ুন কবীরের সভার দুই আয়োজক গ্রেফতার

অগ্নিকাণ্ডের প্রভাব পড়েছে রেল পরিষেবাতেও। আগুনের তাপে ওভারহেড বিদ্যুতের তার, ট্রান্সফর্মার এবং রেল পরিকাঠামোর একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে হলদিয়া-হাওড়া লোকাল বাতিল করা হয়েছে। পাশাপাশি কয়েকটি ট্রেনের রুট পরিবর্তন করে দুর্গাচক পর্যন্ত চালানো হচ্ছে।

এদিকে স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, বিস্ফোরণের কয়েক ঘণ্টা আগে থেকেই এলাকায় গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছিল। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি বলে তাঁদের দাবি। এই অভিযোগ ঘিরে ক্ষোভে ফেটে পড়েছেন সংস্থার শ্রমিকরাও। কারখানা কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তুলে তাঁরা বিক্ষোভ শুরু করেছেন।

ঘটনাস্থলে দমকল, পুলিশ এবং প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত রয়েছেন। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত উদ্ধার ও পরিস্থিতি স্বাভাবিক করার কাজ চলবে বলে প্রশাসন জানিয়েছে। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্তও শুরু হয়েছে।

Exit mobile version