KolkataTV

অন্নপূর্ণার টাকা না পেয়ে কাটোয়া পুরসভায় মহিলাদের বিক্ষোভ, পরিস্থিতি সামাল দিতে পুলিশ

কাটোয়া : অন্নপূর্ণা যোজনার (Annapurna yojana) টাকা না পাওয়ার অভিযোগে বৃহস্পতিবার কাটোয়া (Katwa) পুরসভায় বিক্ষোভ দেখালেন একাধিক মহিলা। তাঁদের অভিযোগ, সরকারি নিয়ম মেনে আবেদন করার পরও এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহায়তার টাকা জমা পড়েনি। এই ঘটনাকে কেন্দ্র করে পুরসভা চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ (Police)।

সরকারের ঘোষণা অনুযায়ী, ১৭ অগাস্ট থেকে অন্নপূর্ণা যোজনার (Annapurna yojana) টাকা যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। প্রায় ১ কোটি ৪৫ লক্ষ মহিলা এই পর্যায়ে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা পাওয়ার কথা। ২০ অগাস্ট পর্যন্ত ধাপে ধাপে টাকা পাঠানোর প্রক্রিয়া চলবে বলে জানানো হয়েছিল।

আরও খবর : সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার অভিযোগ, রানীনগরে গ্রেফতার ৭ বাংলাদেশি

তবে কাটোয়া (Katwa) পুর এলাকার বিক্ষোভকারী মহিলাদের দাবি, তাঁরা ইতিমধ্যেই দু’বার অনলাইনে আবেদন করেছেন। প্রতিবার আবেদন করতে প্রায় ১০০ টাকা করে খরচ হয়েছে। ফলে আবার আবেদন করতে হলে সেই টাকা কোথা থেকে জোগাড় করবেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। বিক্ষোভকারীদের অনেকেই জানিয়েছেন, তাঁদের পরিবারের আর্থিক অবস্থা দুর্বল। কারও স্বামী অসুস্থ, আবার কারও পরিবারের নিয়মিত আয় নেই। ফলে এই আর্থিক সহায়তা তাঁদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এদিন টাকা না পাওয়ার কারণ জানতে এবং পরবর্তী সময়ে কীভাবে আবেদন করতে হবে, তা জানতে পুরসভায় জড়ো হন মহিলারা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুরসভার কর্মীরা তাঁদের সঙ্গে কথা বলে বোঝানোর চেষ্টা করেন। পাশাপাশি পুলিশকর্মীরাও পরিস্থিতি শান্ত করার উদ্যোগ নেন। দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ ও আলোচনা। এখন বিক্ষোভকারী মহিলাদের প্রশ্ন, যাঁরা এখনও টাকা পাননি তাঁদের আবেদন ও নথি কবে যাচাই হবে, কবে অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং ফের আবেদন করতে হলে তাঁদের আবার খরচ করতে হবে কি না। এই সমস্যার দ্রুত সমাধানের অপেক্ষায় রয়েছেন কাটোয়া পুর এলাকার মহিলারা।

Exit mobile version